জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে

জিমেইলে নতুন সুবিধা আসছেফাইল ছবি: এএফপি

জিমেইল অ্যাকাউন্টে থাকা তথ্য চুরি করতে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। তাই সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে দুই স্তরের নিরাপত্তা–সুবিধা রয়েছে জিমেইলে। এবার জিমেইলে দুই স্তরের নিরাপত্তা–সুবিধা ব্যবহারের সময় ই–মেইলে আসা ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল। ‘কপি কোড’ নামের সুবিধাটি চালু হলে ই–মেইল না খুলেই জিমেইলের ইনবক্স থেকে সরাসরি যাচাই কোডগুলো কপি করা যাবে। জিমেইলের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে এ সুবিধা পাওয়া যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে জিমেইলের অ্যান্ড্রয়েড ২০২৬.০৯.০৭.এক্স এবং আইওএস ৬.০.২৬০৯০৭ সংস্করণে নতুন সুবিধাটি যুক্ত করা হয়েছে। সুবিধাটি উন্মুক্ত করার পর ইনবক্সে ভেরিফিকেশন কোড-সংবলিত কোনো ই–মেইল এলে প্রিভিউ অপশনের পাশে ‘কপি কোড’ নামের নতুন বাটন দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করলেই কোডটি ফোনের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে সরাসরি পেস্ট করা যাবে কোডটি। ফলে অন্যদের পাঠানো যাচাই কোড দেখার জন্য প্রতিবার ই–মেইল খুলতে হবে না।

আরও পড়ুন

বর্তমানে ই–মেইলে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) এলে ব্যবহারকারীদের ই–মেইল খুলে বার্তা পড়তে হয়। এরপর কোডটি কপি করে নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে পেস্ট করতে হয়, যা বেশ সময়সাপেক্ষ। নতুন এ সুবিধা চালু হলে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে সাইন-ইন করার প্রক্রিয়া আরও সহজ হবে।

অ্যান্ড্রয়েডে গুগল মেসেজেসে আগে থেকেই একই ধরনের সুবিধা রয়েছে। এসএমএসে যাচাই কোড এলে নোটিফিকেশন থেকেই সেটি কপি করা যায়। এবার ই–মেইলে আসা ভেরিফিকেশন কোডের ক্ষেত্রেও জিমেইল একই ধরনের দ্রুত কপি করার সুবিধা পাওয়া যাবে।

সূত্র: গ্যাজেটস ৩৬০