জিমেইলে আসছে জেমিনি লাইভ, যে সুবিধা পাওয়া যাবে

জিমেইলছবি: এএফপি

ইনবক্সে জমে থাকা অসংখ্য ই–মেইলের মধ্যে প্রয়োজনীয় বার্তা খুঁজে বের করতে এত দিন সার্চ বক্সে বিভিন্ন কি-ওয়ার্ড লিখতে হতো। তবে সেই অভিজ্ঞতায় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। ‘জেমিনি লাইভ’ নামের নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা জিমেইলেই স্বাভাবিক ভাষায় কথা বলে প্রয়োজনীয় ই–মেইল বা তথ্য খুঁজে বের করতে পারবেন। বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএসে ফিচারটি পরীক্ষামূলকভাবে পরীক্ষা করা হচ্ছে।

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত গুগলের বার্ষিক আই/ও ডেভেলপার সম্মেলনে জিমেইলের জন্য জেমিনি লাইভ তৈরির ঘোষণা দিয়েছিল গুগল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, নতুন এ সুবিধা চালু হলে জিমেইলে ই–মেইল সংরক্ষণ ছাড়াও কথোপকথনের মাধ্যমে তথ্য খুঁজে দেওয়ার সহকারী হিসেবে কাজ করবে। ফলে ইনবক্সে হাজারো ই–মেইল থাকলেও নির্দিষ্ট শব্দ, প্রেরকের নাম বা বিষয় লিখে খোঁজার প্রয়োজন অনেকটাই কমে যাবে।

জেমিনি লাইভে দুটি আলাদা সুবিধা থাকবে। এর একটি হলো কণ্ঠনির্ভর ‘জিমেইল লাইভ’, যেখানে ব্যবহারকারীরা কথা বলেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। অন্যটি ‘আস্ক জিমেইল’, যেখানে স্বাভাবিক ভাষায় লিখে প্রশ্ন করা যাবে। জেমিনি সেই প্রশ্ন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ই–মেইল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে দেবে। জেমিনি লাইভ চালু হলে জিমেইলের সার্চ বক্স থেকেই এটি ব্যবহার করা যাবে। সার্চ বক্সে ট্যাপ করলে ‘আস্ক জিমেইল’ চালু হবে। আর সার্চ বক্সে থাকা জেমিনি লাইভ আইকনে ট্যাপ করলে কণ্ঠনির্ভর সুবিধাটি চালু হবে।

জিমেইল লাইভে প্রবেশ করলে ব্যবহারকারীরা জেমিনি লাইভের মতো একটি পরিচিত ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে কিছু নমুনা প্রশ্নও থাকবে। ব্যবহারকারী স্বাভাবিক ভাষায় প্রশ্ন করলেই জেমিনি সংশ্লিষ্ট ই–মেইল বিশ্লেষণ করে লিখিত ও কণ্ঠ উভয় মাধ্যমেই উত্তর জানাবে। একই সঙ্গে তথ্যের উৎস হিসেবে সংশ্লিষ্ট ই–মেইলও দেখিয়ে দেবে। গুগল জানিয়েছে, ধাপে ধাপে গুগল এআই প্রো ও গুগল এআই আলট্রা গ্রাহকদের জন্য জিমেইল লাইভ উন্মুক্ত করা হবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ