শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বারের মতো ‘সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন’ প্রতিযোগিতার আয়োজন করছে তথ্য ও প্রযুক্তিবিদদের সংগঠন সিটিও ফোরাম। এবারই প্রথম ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী কেন্দ্রে এ প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার বিজয়ীরা অর্থ পুরস্কারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবেন। আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই)। আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্ক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, চার পর্বের এই প্রতিযোগিতায় ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য বাস্তবধর্মী বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে শিক্ষার্থীদের। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী স্মার্ট জীবনযাপনের টেকসই সমাধানকে এবার হ্যাকাথনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও আইসিটি (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) বিভাগের অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ বলেন, সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন থেকে অনেক মেধাবীর সন্ধান পাওয়া যাবে। বাংলাদেশকে বিশ্বের কাছে ডিজিটাল হাবে পরিণত করতে এই ইনোভেশন হ্যাকাথন একটি মাইল ফলক হয়ে থাকবে।
প্রতিযোগিতার সমন্বয়ক অধ্যাপক সৈয়দ আখতার হোসেন জানান, উচ্চমাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আজ (১৩ আগস্ট) থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিযোগিতায় নিবন্ধন করা যাবে। আগামী ১৩ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ধারণা উপস্থাপন এবং ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে উদ্ভাবনী ধারণার নমুণা (প্রোটোটাইপ) জমা দিতে হবে। ৮ অক্টোবর নিজেদের উদ্ভাবন প্রদর্শন করতে হবে শিক্ষার্থীদের। সেরা প্রতিযোগীদের নিয়ে ২২ অক্টোবর হবে চূড়ান্ত প্রতিযোগিতা।
নিবন্ধনের ওয়েব ঠিকানা: www.portal.ctoforumbd.org/innovation-hackathon-2022