ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলস নির্মাতাদের জন্য সুখবর

ফেসবুক রিলসমেটা

ইনস্টাগ্রাম ও ফেসবুকে ‘সিরিজ’ নামের নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে মেটা। নতুন এ সুবিধার মাধ্যমে রিলস নির্মাতারা একই বিষয় বা গল্পভিত্তিক একাধিক রিলসকে একটি সিরিজের আওতায় প্রকাশ করতে পারবেন। এর ফলে দর্শকদের একাধিক পর্বের ভিডিওগুলো দেখার জন্য আগের বা পরের পর্ব খুঁজতে নির্মাতার প্রোফাইলে প্রবেশ করতে হবে না। এরই মধ্যে সীমিতসংখ্যক নির্মাতাদের ওপর সুবিধাটির কার্যকারিতা পরখ করা হচ্ছে। সুবিধাটি চালু হলে যাঁরা নিয়মিত পর্বভিত্তিক ভিডিও প্রকাশ করেন, তাঁদের ভিডিওর দর্শকসংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সিরিজ সুবিধার মাধ্যমে পুরোনো ও নতুন দুই ধরনের রিলসই একটি নির্দিষ্ট সিরিজে যুক্ত করা যাবে। ফলে দর্শকেরা একটি বিষয় বা গল্পের সব পর্ব ধারাবাহিকভাবে দেখতে পারবেন। মেটার তথ্য অনুযায়ী, নির্মাতার প্রোফাইলে সিরিজগুলোর জন্য আলাদা একটি বিভাগ থাকবে। সেখান থেকে দর্শকেরা পর্বগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবেন। এমনকি যেখানে দেখা বন্ধ করেছিলেন, সেখান থেকেই আবার দেখা শুরু করার সুযোগও থাকবে।

বিশ্লেষকদের মতে, নতুন এ উদ্যোগ মেটার কনটেন্ট বা আধেয় কৌশলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এত দিন রিলস মূলত দ্রুত ভিডিও দেখা ও পরবর্তী ভিডিওতে চলে যাওয়ার অভিজ্ঞতার ওপর নির্ভরশীল ছিল। কিন্তু সিরিজ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট কনটেন্টের সঙ্গে যুক্ত রাখা সহজ হবে। একই সঙ্গে নতুন পর্ব দেখার আগ্রহ তৈরি করে দর্শকদের বারবার প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার সুযোগও তৈরি হবে।

মেটা জানিয়েছে, সিরিজ সুবিধায় সম্ভাব্য আয়ের সুযোগ তৈরির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করা হয়নি। ধারাবাহিক কনটেন্ট সাজিয়ে উপস্থাপনের চেষ্টা মেটার জন্য নতুন নয়। ২০২০ সালেও ইনস্টাগ্রামে ‘গাইডস’ সুবিধা চালু করেছিল মেটা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস