দেশের তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নাজনীন নাহার বেগম (টেকওয়ার্ল্ড) এবং মো. জাকির হাসান (সমকাল) সমানসংখ্যক ২৫টি করে ভোট পেয়েছেন। ভোটসংখ্যা সমান হওয়ায় সভাপতি পদ ছাড়াই বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিআইজেএফের নির্বাচন কমিশন। নির্বাচনে মোট ভোটার ৫৪ জন থাকলেও ভোট পড়েছে ৫০টি।
এ বিষয়ে বিআইজেএফের নির্বাচন কমিশনের চেয়ারম্যান এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘সমান ভোট পাওয়া দুজন প্রার্থীই আলোচনার ভিত্তিতে এক বছর মেয়াদে সভাপতি পদে দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা সমাজসেবা অধিদপ্তরে এই সংক্রান্ত নীতিমালা দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
নির্বাহী কমিটির পাঁচটি পদে (সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দুটি নির্বাহী সদস্য) একাধিক প্রার্থী না থাকায় চারটি পদে ভোট গ্রহণ করা হয়। চারটি পদে লড়েছেন ১০ জন প্রার্থী। নির্বাচিত অন্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান (নতুন সময়), কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম (বিজটেক ২৪ ডটকম) এবং প্রকাশনা ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান (ঢাকামেইল ডটকম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন সহসভাপতি ভূঁইয়া মোহাম্মদ ইনাম (কম্পিউটার বিচিত্রা), সাধারণ সম্পাদক এ কে এম সাব্বিন হাসান (বার্তা ২৪ ডটকম), সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম (ঢাকাপোস্ট) এবং নির্বাহী সদস্য এস এম ইমদাদুল হক (ডিজিবাংলা) ও মো. এনামুল করিম (ডিজিটাল সময়)।
আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কের সম্মেলনকক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে।
বিআইজেএফের নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক এ আর এম মাহমুদ হোসেন ও পল্লব মোহাইমেন। আপিল বোর্ডে আছেন সুমন ইসলাম ও আরিফুল হাসান।