১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম

জিটিএ সিক্স ভিডিও গেমছবি: উইকিমিডিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর ১৯ নভেম্বর ব্লকবাস্টার ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ সিক্স) বাজারে এসেছে। বেশ কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা গেমাররা গেমটির জন্য অধীর অপেক্ষায় ছিলেন। আর তাই বাজারে আসার পরপরই জিটিএ সিক্স ইতিহাসের অন্যতম সফল ভিডিও গেমের রেকর্ড গড়েছে।

ইন্টারনেট অবকাঠামো প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, ভিডিও গেমটি মুক্তির সময় যুক্তরাজ্যে পিএস ফাইভে ডাউনলোডের হার স্বাভাবিক মাত্রার চেয়ে ৮ দশমিক ৬ গুণ বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জিটিএ সিক্স সবার আগে উন্মুক্ত হয়েছে নিউজিল্যান্ডে, সেখানে ৪ ঘণ্টা আগেই ডাউনলোডের হার ১৪ দশমিক ৮ গুণ বৃদ্ধি পেয়েছে। এতে ধারণা করা হচ্ছে কিছু খেলোয়াড় আগেভাগে খেলার সুযোগ পেতে তাদের কম্পিউটারের রিজিওন পরিবর্তন করেছেন।

বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, প্রি-অর্ডার এবং প্রথম দিনের বিক্রি মিলিয়ে মোট ২ কোটি ৪৫ লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে গেমটির। এর ফলে আয় হয়েছে প্রায় ২৩৬ কোটি ডলার। তুলনামূলকভাবে এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমা স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে প্রেক্ষাগৃহে পুরো প্রদর্শনীজুড়ে ২৫০ কোটি ডলার আয় করেছিল।

জিটিএ সিক্সের নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমটির বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গেমটির চাহিদা অভূতপূর্ব। গেমটি প্রকাশের পর থেকে প্রাথমিক অনুসন্ধানে ক্লাউডফ্লেয়ার রকস্টারের অনলাইন সেবায় ট্রাফিকের বিশাল রেকর্ড দেখা গেছে। অস্ট্রেলিয়ায় এই ট্রাফিক স্বাভাবিক মাত্রার চেয়ে ১১ দশমিক ২ গুণ এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ৯ দশমিক ৩ গুণ বেড়েছে। ইউরোপের মধ্যে যুক্তরাজ্যে গেমটির প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে। দেশটিতে স্বাভাবিক মাত্রার চেয়ে ৭ গুণ বেশি ট্রাফিক দেখা গেছে। ফ্রান্স ও জার্মানিতে এই হার ছিল ৫ দশমিক ৩ গুণ।
জিটিএ সিক্স গেমটি মূলত প্রায় ৩ দশকের পুরোনো রকস্টারের ক্রাইম সিমুলেটর ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সংস্করণ। গেমটি তৈরি করতে ১০০ কোটি ডলারের বেশি খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে জিটিএ সিক্স ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেম হিসেবেও পরিচিতি পেয়েছে।

গেমিং বাজার গবেষণাপ্রতিষ্ঠান নিকো পার্টনার্স জানিয়েছে, জিটিএ সিক্স এ বছর বিশ্বব্যাপী ৩০০ কোটি ডলারের বেশি বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। এই অঙ্ক জিটিএ সিক্সকে সর্বকালের সর্বোচ্চ আয় করা বিনোদনমূলক পণ্যে তালিকায় স্থান করে দেবে। শুধু তাই নয়, আগামী বছরগুলোতেও জিটিএ সিক্স আরও বেশি অর্থ আয় করবে বলে আশা করা হচ্ছে।

নিউইয়র্কভিত্তিক গেমটির নির্মাতা রকস্টার স্টুডিও এখনো ঘোষণা করেনি গেমটি কবে পিসি বা কম্পিউটারের জন্য মুক্তি পাবে। মাল্টিপ্লেয়ার সম্প্রসারণের কোনো তারিখও ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি। মাল্টিপ্লেয়ার সুবিধার মাধ্যমে খেলোয়াড়রা ইন্টারনেটের মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করতে এবং বিভিন্ন মিশনে অংশ নিতে পারবেন।

সূত্র: বিবিসি