ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ
ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তবে ব্যস্ততার কারণে হোয়াটসঅ্যাপে যুক্ত পরিচিত ব্যক্তিদের জন্মতারিখ না জানার কারণে নির্দিষ্ট দিনে জন্মদিনের শুভেচ্ছা জানানো আর হয়ে ওঠে না। এ সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে পরিচিত ব্যক্তিদের জন্মদিন মনে করিয়ে দিতে আলাদা একটি বিভাগ যুক্ত হচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফো। সুবিধাটি চালু হলে যেসব ব্যবহারকারী নিজেদের জন্মতারিখ জমা দেবেন, তাঁদের জন্মদিন কাছাকাছি চলে এলে বা নির্ধারিত দিনে অন্য ব্যবহারকারীদের রিমাইন্ডার পাঠাবে হোয়াটসঅ্যাপ।
ডব্লিউ আ বেটা ইনফোর তথ্যমতে, জন্মদিনের রিমাইন্ডার পাঠানোর নতুন সুবিধা চালুর জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে এটি উন্নয়ন পর্যায়ে রয়েছে। তাই কবে ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। ফেসবুকে বহু বছর ধরেই বন্ধুদের জন্মদিনের রিমাইন্ডার দেখানো হয়। তবে ব্যক্তিগত গোপনীয়তাকে গুরুত্ব দিয়ে পরিচিতি পাওয়া এই বার্তা আদান-প্রদানের অ্যাপটিতে এমন সুবিধা যুক্ত হলে এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপে ধারাবাহিকভাবে নতুন সুবিধা যুক্ত করছে মেটা। এর মধ্যে ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে প্রিমিয়াম সেবা অন্যতম। এক মাস বিনা মূল্যে ব্যবহারের সুযোগ শেষে এ সেবার জন্য প্রতি মাসে অর্থ পরিশোধ করতে হয়। প্রিমিয়াম গ্রাহকেরা সাধারণ সংস্করণের থেকে কিছু অতিরিক্ত সুবিধা ব্যবহার করতে পারেন। এ সেবায় নিবন্ধনের জন্য সেটিংসে আলাদা একটি অপশনও যুক্ত করা হয়েছে।
মুঠোফোন নম্বর প্রকাশ না করে অন্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে ব্যবহারকারীদের নাম বা ইউজারনেম ব্যবহারের সুবিধা চালুরও ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এর ফলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সময় নিজের ফোন নম্বর গোপন রাখা সম্ভব হবে।
সূত্র: টেকটু ডটকম