বাংলাদেশে নতুন সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এল হুয়াওয়ে
বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য ‘লুনা ২০০০’ সিরিজের সোলার এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এসেছে হুয়াওয়ে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে লুনা ২০০০ সিরিজের সোলার এনার্জি স্টোরেজ সিস্টেম প্রদর্শনের পাশাপাশি বাজারজাতের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে পরিচালন ব্যয় ও জ্বালানি ব্যবহারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বিভিন্ন শিল্প খাত। এ প্রেক্ষাপটে হুয়াওয়ের লুনা ২০০০ সিরিজ কার্যকর সমাধান দেবে। বাংলাদেশের বাজারের চাহিদা অনুযায়ী তৈরি এই সিস্টেম স্থানীয় শিল্প খাতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় নিরাপদ সমাধান দেবে।
অনুষ্ঠানে হুয়াওয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেসন উ বলেন, হুয়াওয়ের ডিজিটাল পাওয়ার সলিউশনের মাধ্যমে বাংলাদেশে ৪৩০ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। কয়েক বছর ধরে আমরা এই খাতে উন্নত সমাধান দিয়ে সহযোগিতা করে আসছি, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখতে চাই।
হুয়াওয়ে দক্ষিণ এশিয়া ডিজিটাল পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইউ জিয়ানলং জানান, হুয়াওয়ের পিভি ও ইএসএস সমাধান ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। নতুন সোলার এনার্জি স্টোরেজে নিরাপত্তার জন্য সেল-টু-কনজাম্পশন ডুয়াল-লিংক সেফটি আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। তাই সোলার এনার্জি স্টোরেজটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং শিল্পের সক্ষমতা দ্রুত বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।