আবার ওয়েমোর রোবোট্যাক্সি নিয়ে তদন্তে কেনো মার্কিন প্রশাসন

ওয়েমোর রোবোট্যাক্সিছবি: ওয়েমো

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওয়েমোর একটি সেলফ ড্রাইভিং ট্যাক্সির ধাক্কায় এক শিশু আহত হয়েছে। গত ২৩ জানুয়ারি স্কুলে শিক্ষার্থীদের নামিয়ে দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ওয়েমো। প্রতিষ্ঠানটির দাবি, শিশুটির আঘাত গুরুতর নয়। তবে তার বয়স ও পরিচয় প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার পর বিষয়টি তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক ট্রাফিক নিরাপত্তা প্রশাসন (এনএইচটিএসএ)। সংস্থাটি জানিয়েছে, ঘটনাটি প্রাথমিক বিদ্যালয় থেকে দুই ব্লকের মধ্যেই ঘটেছে এবং সেটি ছিল নিয়মিত স্কুল ড্রপ-অফ সময়। ওই সময় এলাকায় আরও শিশু, একজন ক্রসিং গার্ড এবং একাধিক ডবল পার্ক করা যানবাহন ছিল। ওয়েমো এক ব্লগ পোস্টে জানিয়েছে, দুর্ঘটনার সময় তাদের রোবোট্যাক্সিটির গতি ছিল ঘণ্টায় প্রায় ছয় মাইল। এর আগে গাড়িটি ঘণ্টায় প্রায় ১৭ মাইল গতিতে চলছিল এবং পরিস্থিতি বুঝতে পেরে জোরে ব্রেক করে। কোম্পানির তথ্য অনুযায়ী, একটি বড় এসইউভির আড়াল থেকে শিশুটি হঠাৎ রাস্তায় নেমে আসে এবং সরাসরি গাড়িটির চলার পথে পড়ে। শিশুটি আড়াল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই গাড়ির সেন্সর তাকে শনাক্ত করে বলে দাবি করেছে ওয়েমো।

ওয়েমোর পক্ষ থেকে জানানো হয়েছে, ধাক্কার পর শিশুটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় এবং হেঁটে ফুটপাতে চলে যায়। এরপর জরুরি সেবা নম্বর ৯১১–তে ফোন করা হয়। সেলফ ড্রাইভিং গাড়িটি ঘটনাস্থলেই থেমে থাকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুমতি দেওয়ার পর সেখান থেকে সরে যায়।

এনএইচটিএসএ খতিয়ে দেখছে, প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি অবস্থান, স্কুল ড্রপ-অফ সময় এবং শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ পথচারীর উপস্থিতি বিবেচনায় নিয়ে ওয়েমোর সেলফ ড্রাইভিং যানটি যথাযথ সতর্কতা অবলম্বন করেছিল কি না। একই সময়ে স্কুলবাস–সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে ওয়েমোর রোবোট্যাক্সি নিয়ে একাধিক তদন্ত চলছে। গত অক্টোবর মাসে জর্জিয়ার আটলান্টায় একটি ঘটনার পর এনএইচটিএসএ তদন্ত শুরু করে। এর পর টেক্সাসের অস্টিনে প্রায় ২০টি একই রকম ঘটনার তথ্য পাওয়ার পর জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড আলাদা তদন্ত শুরু করেছে।

অবশ্য ওয়েমো তাদের ব্লগ পোস্টে আরও দাবি করেছে, একই পরিস্থিতিতে একজন সম্পূর্ণ মনোযোগী মানবচালক থাকলে শিশুটির সঙ্গে প্রায় ঘণ্টায় ১৪ মাইল গতিতে ধাক্কা লাগতে পারত। তবে এই নির্দিষ্ট দুর্ঘটনা নিয়ে বিস্তারিত কোনো প্রযুক্তিগত বিশ্লেষণ প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

সূত্র: টেকক্রাঞ্চ