অ্যাপলের সিইও হিসেবে আবেগঘন বিদায় নিলেন টিম কুক

অ্যাপল পার্কে কর্মীদের কাছ থেকে বিদায় নিচ্ছেন টিম কুক (মাঝে)দ্য অ্যাপল নিউজ হাবের ফেসবুক পেজ থেকে

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে টিম কুকের ১৫ বছরের অধ্যায়ের ইতি ঘটল। গতকাল ৩১ আগস্ট ছিল অ্যাপলের সিইও হিসেবে তাঁর শেষ কর্মদিবস। দায়িত্ব ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাপল পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় টিম কুক লিখেছেন, ‘অ্যাপলের সিইও হিসেবে শেষ দিনে অ্যাপল পরিবারের সবাইকে অনেক ভালোবাসা। আগামীকাল আমার পদবি বদলে যাবে, কিন্তু অ্যাপল পরিবারের প্রতি আমার ভালোবাসা কখনো বদলাবে না। আপনারা সব সময় আমার অনুপ্রেরণার উৎস ছিলেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সামনে নতুন অধ্যায়ের জন্য আমি উচ্ছ্বসিত।’

২০১১ সালের আগস্টে স্টিভ জবসের কাছ থেকে অ্যাপলের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন টিম কুক। সে সময় অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস অসুস্থতার কারণে সিইও পদ থেকে সরে দাঁড়ান। এর দুই মাসের কম সময় পর ওই বছরের অক্টোবরে মারা যান তিনি। এরপর টানা ১৫ বছর অ্যাপলের নেতৃত্ব দিয়েছেন কুক, তবে অ্যাপল থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না টিম কুক। আজ ১ সেপ্টেম্বর থেকে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। টিম কুকের স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যাপলের হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের বর্তমান জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস। ৫০ বছর বয়সী টার্নাস সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার সময় টিম কুকেরও বয়স ছিল ৫০ বছর।

টিম কুকের নেতৃত্বে অ্যাপলের পণ্যভান্ডারে যুক্ত হয়েছে বেশ কিছু জনপ্রিয় পণ্য। এর মধ্যে রয়েছে এয়ারপডস ও অ্যাপল ওয়াচ। তাঁর নেতৃত্বেই ম্যাকবুক, ডেস্কটপ ম্যাকসহ অ্যাপলের কম্পিউটার পণ্যগুলোতে বড় পরিবর্তন আসে। নিজেদের তৈরি সিলিকন চিপ ব্যবহারের মাধ্যমে কম্পিউটার ব্যবসায়ও নতুনভাবে ঘুরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। ব্যবসায়িক সাফল্যের দিক থেকেও কুকের সময়টি ছিল গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধসহ বিভিন্ন বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবও সামলাতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

টিম কুকের আবেগঘন এক্স বার্তা
স্ক্রিনশট

টিম কুকের সিইও থাকার সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ঘটনা বেশ আলোচিত হয়। একবার ট্রাম্প তাঁকে মজা করে ‘টিম অ্যাপল’ নামে সম্বোধন করেন। এর জবাবে টিম কুক তখনকার টুইটার অ্যাকাউন্টে নিজের নাম বদলে ‘টিম...’ করে দিয়েছিলেন।

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের প্রথম বড় আয়োজন হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর। ওই অনুষ্ঠানে নতুন আইফোনসহ বেশ কয়েকটি পণ্য উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, এবারের আয়োজনেই প্রথমবারের মতো ভাঁজ করা যায় এমন আইফোন উন্মোচন করবে অ্যাপল।