বাংলাদেশ এআই অলিম্পিয়াডের রংপুর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
গত শুক্রবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর রংপুর আঞ্চলিক পর্ব। প্রতিযোগিতায় রংপুরসহ পার্শ্ববর্তী তিনটি জেলার শিক্ষার্থীরা এআই কুইজ ও এআই কোডিং চ্যালেঞ্জ বিভাগে অংশ নেয়। এ ছাড়া কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে এআই ও মেশিন লার্নিংয়ের ওপর একটি বিশেষ কর্মশালাও পরিচালনা করা হয়। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের অধ্যক্ষ মো. শাফিউল ইসলাম এআই কোডিং ও কুইজ কার্যক্রম পরিদর্শন করেন। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতায় এআই কুইজ বিভাগে ১১ জন ও এআই কোডিং চ্যালেঞ্জ বিভাগে ৮ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা ১৬ মে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় এআই অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে। এআই কোডিং চ্যালেঞ্জের বিজয়ীরা হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরের মুহতাসিম ইশমাম, আবদুল্লাহ আকিব, আহনাফ তামিম, তাহসিন আহমেদ, আলভী রাফসান, আফিয়া নূরী, শুভমিতা রায় ও তৌসিফ চৌধুরী।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসউদুর রহমান। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করেন এবং শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আরও দক্ষ হয়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সৈয়দপুরের সিএসই বিভাগের অধ্যাপক এস এম জাহাঙ্গীর আলম এবং প্রভাষক রাকিব তরফদার।
উল্লেখ্য, এবারের আসরের প্ল্যাটিনাম স্পনসর হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পনসর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি ও ব্রোঞ্জ স্পনসর বিটনা। নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি), টিভি পার্টনার দীপ্ত টিভি, পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডটকম ও জাদু পিসি এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে যুক্ত আছে মাসিক কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।