ইরানে হামলায় অ্যানথ্রোপিকের তৈরি ক্লড এআই ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

অ্যানথ্রোপিকের তৈরি ক্লড এআই মডেল ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্ররয়টার্স

ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অ্যানথ্রোপিকের তৈরি ক্লড এআই মডেল ব্যবহার করেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল ও এক্সিওস। প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত শুক্রবার ট্রাম্প প্রশাসন এক আদেশে সব ফেডারেল সংস্থাকে অবিলম্বে ক্লড এআইয়ের ব্যবহার বন্ধের নির্দেশ দিলেও ইরানে পরিচালিত সামরিক অভিযানে মার্কিন কমান্ড অ্যানথ্রোপিকের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার টুল ব্যবহার করেছে।

গত জানুয়ারি মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার অভিযানেও মার্কিন সামরিক বাহিনী ক্লড এআই ব্যবহার করেছিল। ক্লড এআইয়ের ব্যবহার করায় সে সময় তীব্র প্রতিবাদ জানিয়েছিল অ্যানথ্রোপিক। প্রতিষ্ঠানটির শর্তানুযায়ী, ক্লড এআই কোনো ধরনের সহিংস উদ্দেশ্যে, অস্ত্র তৈরিতে বা নজরদারির কাজে ব্যবহার করা নিষিদ্ধ। এ ঘটনার পর থেকেই ট্রাম্প প্রশাসন ও অ্যানথ্রোপিকের মধ্যে সম্পর্কের দ্রুত অবনতি হতে থাকে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার এক আদেশে সব ফেডারেল সংস্থাকে অবিলম্বে ক্লড এআইয়ের ব্যবহার বন্ধের নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন।

গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে এক দীর্ঘ পোস্টে অ্যানথ্রোপিকের বিরুদ্ধে অহংকার ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন। তিনি জানান, আমেরিকার যোদ্ধারা কখনোই বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর আদর্শগত খামখেয়ালিপনার কাছে জিম্মি থাকবে না। এরপরই তিনি সব আইনি প্রয়োজনে অ্যানথ্রোপিকের এআই মডেলগুলোতে পূর্ণ ও অবাধ ব্যবহারের দাবি জানান। তবে সামরিক অভিযানের মধ্যে হঠাৎ অত্যন্ত জটিল এই প্রযুক্তিকে সরিয়ে নেওয়া যে কঠিন, তা প্রতিরক্ষামন্ত্রী নিজেও স্বীকার করেছেন। হেগসেথ জানান, অ্যানথ্রোপিককে আরও ছয় মাস সময় দেওয়া হয়েছে, যাতে সামরিক ব্যবস্থাগুলোকে অন্য কোনো দেশপ্রেমিক বা উপযুক্ত সেবায় স্থানান্তর করা যায়।

বিশ্লেষকদের মতে, ক্লড এআই বর্তমানে মার্কিন সামরিক কমান্ডের গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, লক্ষ্যবস্তু নির্ধারণ ও রণক্ষেত্রের সিমুলেশনে এমনভাবে মিশে গেছে যে ট্রাম্পের নির্দেশে রাতারাতি তা বিচ্ছিন্ন করা কার্যত অসম্ভব। অ্যানথ্রোপিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরপরই এর প্রতিদ্বন্দ্বী ওপেনএআই শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান জানিয়েছেন, তিনি পেন্টাগনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন, যার মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীর গোপন নেটওয়ার্কে চ্যাটজিপিটিসহ তাদের নিজস্ব টুলগুলো ব্যবহৃত হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান