ফেসবুক ও ইনস্টাগ্রামে কেনাকাটা সহজ করতে নতুন সুবিধা আনছে মেটা

মেটাফাইল ছবি: রয়টার্স

ফেসবুক ও ইনস্টাগ্রামে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) একাধিক সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। এরই মধ্যে নির্বাচিত ব্যবহারকারীদের ওপর সুবিধাগুলোর কার্যকারিতা পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি। মেটার তথ্যমতে, নতুন সুবিধাগুলো কেনাকাটার সময় ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ করবে, ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামে সরাসরি পণ্য কেনাকাটার পরিমাণ বাড়বে।

সুবিধাগুলো চালু হলে বিজ্ঞাপনে ক্লিক বা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে কোনো পণ্যের ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দের পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্যসহ অন্য ব্যবহারকারীদের মতামতের সারসংক্ষেপ দেখা যাবে। ফলে আলাদা করে পণ্যগুলোর রিভিউ পড়ার প্রয়োজন হবে না। শুধু তা-ই নয়, সহজেই ব্র্যান্ডের বিস্তারিত তথ্য, প্রাসঙ্গিক পণ্যের সুপারিশ এবং সম্ভাব্য ছাড় বা অফারের তথ্য দেখা যাবে। ফলে কেনাকাটার প্রক্রিয়া হবে আরও দ্রুত।

মেটার তথ্য অনুযায়ী, ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘বাই নাউ’ বাটনে ক্লিক করে পণ্য নির্বাচন থেকে শুরু করে অর্থ পরিশোধ ও অর্ডার করা যাবে। কেনাকাটা সহজ করতে নতুন চেকআউট ব্যবস্থাও চালু করা হবে। স্ট্রাইপ ও পেপালের সঙ্গে অংশীদারত্বে তৈরি এই ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীরা এক ট্যাপেই কেনাকাটা শেষ করতে পারবেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে কেনাকাটার এ প্রক্রিয়ার পুরোটাই অ্যাপের মাধ্যমে সম্পন্ন হবে।

নতুন এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অ্যামাজন, ইবেসহ একাধিক ই–কমার্স প্ল্যাটফর্মকে অ্যাফিলিয়েট অংশীদার হিসেবে যুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা। অংশীদার প্রতিষ্ঠানগুলো নির্ধারণ করবে কোন পণ্যগুলো প্রদর্শিত হবে এবং বিক্রির ওপর আধেয় (কনটেন্ট) নির্মাতারা কত কমিশন পাবেন। এতে কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হবে বলে মনে করছে মেটা।

সূত্র: টেক ক্র্যাঞ্চ