প্রযুক্তির এই দিনে: ১৩ জুন
লিংকডইন অধিগ্রহণ করে মাইক্রোসফট
পেশাজীবীদের কাছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন অধিগ্রহণের ঘোষণা দেয় শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন।
১৩ জুন ২০১৬
লিংকডইন অধিগ্রহণ করে মাইক্রোসফট
পেশাজীবীদের কাছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন অধিগ্রহণের ঘোষণা দেয় শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন। এ জন্য মাইক্রোসফটের খরচ হয় ২ হাজার ৬২০ কোটি মার্কিন ডলার। মাইক্রোসফট প্রতিটি শেয়ার ১৯৬ ডলার দরে লিংকডইনের সব শেয়ার কিনে নেয়। তবে এই অধিগ্রহণ চুক্তিতে লিংকডইনের ব্র্যান্ড, প্রাতিষ্ঠানিক সংস্কৃতি ও স্বাধীনভাবে প্রতিষ্ঠান পরিচালনা বহাল রাখা হয়। অধিগ্রহণের পরও লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান চেয়ারম্যান এবং জেফ উইনাহ্ প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে থাকেন।
২০০৩ সালের ৫ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে প্রতিষ্ঠিত লিংকডইন পেশাজীবীদের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম। এটি ২৪টি ভাষায় পাওয়া যায়। এপ্রিল, ২০২৩ পর্যন্ত হিসাবে লিংকডইনে ৯৩ কোটি ব্যবহারকারী যুক্ত রয়েছেন। লিংকডইনের কর্মী সংখ্যা ২১ হাজার (২০২২)।
১৩ জুন ১৯৯৩
টেলিভিশন ও কম্পিউটার প্রযুক্তির মিশেলের যৌথ ঘোষণা
টাইম–ওয়ারনার ইনকরপোরেটেড, মাইক্রোসফট করপোরেশন ও টেলি–কমিউনিকেশন ইনকরপোরেটেড যৌথ বিনিয়োগে একটি উদ্যোগের ঘোষণা দেয়। এই উদ্যোগ কম্পিউটিং ও টেলিভিশন প্রযুক্তির মিলিত এক রূপ, যা খুব জনপ্রিয় সংস্কৃতি সৃষ্টি করবে। এর অংশ হিসেবে ইন্টার–অ্যাকটিভ টেলিভিশন সফটওয়্যার তৈরি করা হয়, যার মাধ্যমে ভোক্তা টেলিভিশন সেট থেকেই কেনাকাটা বা ব্যাংকের কাজ করতে পারবেন এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহার করতে পারবেন। এর উদ্দেশ্য ছিল ঘরে বসেই প্রযুক্তি ব্যবহার করতে পারা এবং প্রযুক্তিকে কাজে লাগাতে পারা।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, রয়টার্স, কম্পিউটার হোপ