আইফোনে কলার আইডি জানার সুযোগ চালু করল ট্রুকলার
আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। এখন থেকে জনপ্রিয় কলার আইডি অ্যাপ ট্রুকলারের রিয়েল টাইম কলার আইডি সুবিধা ব্যবহার করা যাবে আইফোনে। এত দিন এই সুবিধা শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ ছিল। নতুন এ সুবিধা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে ব্যবহার করা যাবে।
ট্রুকলারের তথ্যমতে, নতুন এ সুবিধা চালুর জন্য আলাদা এনক্রিপশন করা আলাদা তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। অ্যাপলের ফোন অ্যাপ থেকে এই তথ্যভান্ডার ব্যবহারের জন্য এনক্রিপ্টেড আকারে অনুরোধ পাঠানো হবে এবং এনক্রিপ্টেড আকারেই সেই তথ্য ফেরত আসবে। ফলে আইফোন ব্যবহারকারীরা নিরাপদে ফোনকল করা ব্যক্তির পরিচয় জানতে পারবেন। ট্রুকলারের পণ্য পরিচালক নকুল কবরা জানিয়েছেন, নতুন প্রযুক্তি সত্ত্বেও এনক্রিপশনের জটিলতার কারণে কিছু অনুরোধে সামান্য দেরি হতে পারে। তবে এটি কয়েক ঘণ্টার বেশি হবে না।
আইওএস ১৮ সংস্করণে আইডি লুকআপ নামের একটি সুবিধা রয়েছে অ্যাপলের। এই সুবিধা কাজে লাগিয়ে তৃতীয় পক্ষের বিভিন্ন কলার আইডি অ্যাপ সার্ভার থেকে ফোন নম্বরের তথ্য সংগ্রহ করতে পারে। আর তাই অ্যাপলের আইডি লুকআপ প্রযুক্তির ওপর ভিত্তি করেই এই সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে ট্রুকলার।
নতুন এই সুবিধা চালুর পাশাপাশি আইফোনের জন্য নিজেদের অ্যাপের ইন্টারফেসেও নতুনত্ব এনেছে ট্রুকলার। ফলে ট্রুকলার অ্যাপে কলারের নাম নম্বরের ওপরে বোল্ড আকারে দেখা যাবে। ভবিষ্যতে কলারের ছবি প্রদর্শনের ফিচার যুক্ত করার জন্যও কাজ করছে ট্রুকলার।
সূত্র: টেক ক্র্যাঞ্চ