আইওএসে নিরাপত্তা ত্রুটি, জরুরি হালনাগাদ আনল অ্যাপল

আইফোনে দ্রুত হালনাগাদ সংস্করণের আইওএস ব্যবহারের পরামর্শ দিয়েছে অ্যাপলরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নতুন আইফোনের পাশাপাশি ‘আইওএস ১৭’ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে অ্যাপল। কিন্তু ‘আইওএস ১৭’সহ পুরোনো সব সংস্করণের অপারেটিং সিস্টেমে ভয়ংকর নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়ায় তড়িঘড়ি করে আইওএস হালনাগাদ করেছে প্রতিষ্ঠানটি। ‘আইওএস ১৭.০.১’ ও ‘আইওএস ১৭.০.২’ নামের সংস্করণগুলোয় বেশ কয়েকটি গুরুতর ত্রুটির সমাধান করা হয়েছে, যার মধ্যে ‘জিরো ডে’ ত্রুটিও ছিল। তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে হলে দ্রুত আইওএস হালনাগাদের পরামর্শ দিয়েছে অ্যাপল।

অ্যাপলের তথ্যমতে, আইওএস অপারেটিং সিস্টেমে থাকা ত্রুটিগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই প্যাগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে দূর থেকে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে পারত। এমনকি আইফোনের ক্যামেরা ও মাইক্রোফোন চালু করে নজরদারি করা যেত। সমস্যার সমাধান করতে নিরাপত্তা প্যাঁচ যুক্ত করে নতুন সংস্করণগুলো উন্মুক্ত করা হয়েছে।

জরুরি হালনাগাদ পেতে প্রথমে আইফোনের সেটিংস অপশন থেকে জেনারেল ট্যাপ করে সফটওয়্যার আপডেটস নির্বাচন করতে হবে। এরপর আপডেট নাউ বাটন ট্যাপ করতে করলেই পুরোনো মডেলের আইফোনে ‘আইওএস ১৭.০.১’ ও আইফোন ১৫ সিরিজের আইফোনে ‘আইওএস ১৭.০.২’ সংস্করণ ইনস্টল হয়ে যাবে।

উল্লেখ্য, জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাঁচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারেন, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয়। তবে পুরোনো আইওএসে কত দিন ধরে এ নিরাপত্তা ত্রুটি ছিল, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি অ্যাপল।
সূত্র: মেইল অনলাইন