এক্সেলে সার্চ বারসহ নতুন সুবিধা
ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাব মাইক্রোসফট এক্সেলে সংরক্ষণ করেন অনেকেই। প্রতিষ্ঠানের কর্মীদের বেতনের হিসাব, কাজের ব্যবস্থাপনাসহ নানা কাজেও এক্সেল ব্যবহার করা হয়। সহজে কাজ করার জন্য এক্সেলের বেশ কিছু ফর্মুলা রয়েছে। কিন্তু প্রয়োজনের সময় অনেকেই সঠিক ফর্মুলা ব্যবহার না করায় কাজে দেরি হয়। সমস্যা সমাধানে এক্সেলে ফর্মুলা সাজেশন নামে নতুন সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। এ সুবিধা চালু হওয়ায় কাজের সময় স্বয়ংক্রিয়ভাবে সহায়ক ফর্মুলাগুলো দেখা যাবে। ফলে এক্সেলে দ্রুত সঠিক ফর্মুলা ব্যবহারের সুযোগ মিলবে।
সহায়ক ফর্মুলা ব্যবহারের পরামর্শের পাশাপাশি বিভিন্ন সেলে সরাসরি ছবি যুক্তও করা যাবে এক্সেল। পাওয়া যাবে সার্চ বার ব্যবহারের সুযোগও। এক্সেলে কাজ করার সময় সার্চ বারে প্রশ্ন লিখলেই সমাধান জানা যাবে। ফলে এক্সেলের বিভিন্ন সুবিধা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে।
সাজেস্টেড লিংক নামের সুবিধাও যুক্ত হয়েছে এক্সেলে। ফলে এক্সেলে বিনিময় কোনো লিংকে ত্রুটি দেখা দিলে তা সমাধানের বিভিন্ন পরামর্শ পাওয়া যাবে। নতুন এসব সুবিধা উইন্ডোজ, ম্যাক অপারেটিং সিস্টেমসহ ওয়েব সংস্করণে পর্যায়ক্রমে পাওয়া যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া