অক্টোবরে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদ্‌যাপনের উদ্যোগ

অক্টোবরে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদ্‌যাপন করা হবে

তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি সারা বিশ্বেই বাড়ছে সাইবার হামলা। তাই সাইবার হামলা থেকে রক্ষা পেতে করণীয় বিভিন্ন তথ্য সবার কাছে তুলে ধরতে প্রতিবছর অক্টোবর মাসে বিভিন্ন দেশে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) অক্টোবর ২০২২’ উদ্‌যাপন করা হয়। বৈশ্বিক এ উদ্যোগের অংশ হতে বাংলাদেশেও অক্টোবর মাসজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদ্‌যাপন করা হবে। এ কর্মসূচি পালনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রযুক্তি পেশাজীবীদের নিয়ে গঠন হয়েছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটি (এনসিক্যাম)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটি (এনসিক্যাম) জানিয়েছে, প্রতিবছর অক্টোবর মাসে আন্তর্জাতিকভাবে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদ্‌যাপন করা হয়ে থাকে। মাসজুড়ে চলা এ সচেতনতামূলক কার্যক্রমে সাইবার হামলা থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপদ রাখার কৌশল শেখানো হবে।

বাংলাদেশে ২০১৬ সাল থেকে এই কর্মসূচি বেসরকারি উদ্যোগে পালন করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন)।

বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান এই কর্মসূচি পালন করে। তাই সাইবার সচেতনতায় সামাজিক সংগঠনগুলোকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটি (এনসিক্যাম)। cyberawarebd.com ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করে যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠন এ কর্মসূচিতে অংশ নিতে পারবেন।