ডিজিটাল সেন্টারের সেরা উদ্যোক্তারা পেল পুরস্কার

পুরস্কার পাওয়া উদ্যোক্তাদের সঙ্গে অতিথিরাসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব জেলায় ডিজিটাল সেবা সহজলভ্য করার স্বীকৃতিস্বরূপ ডিজিটাল সেন্টারের সেরা উদ্যোক্তাদের সনদ ও আর্থিক পুরস্কার দিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন ‘অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)’ প্রকল্প। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি জেলার সেরা নারী ও পুরুষ উদ্যোক্তাকে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ডিজিটাল সেন্টারের সেরা তিন উদ্ভাবনী নারী উদ্যোক্তা পুরস্কার হিসেবে পেয়েছেন ট্যাবলেট কম্পিউটার। উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এটুআই।

বিজ্ঞপ্তির তথ্যমতে, স্মার্ট নাগরিক সেবাকে উৎসাহিত করতে গত বছরের ১১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ‘স্মার্ট বাংলাদেশ: স্মার্ট সেবা ক্যাম্পেইন ২০২২’ পালন করা হয়েছে। এ সময় বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের বিনা মূল্যে স্মার্ট সেবা দিয়েছেন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা। ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও রেমিট্যান্স আনতেও বিভিন্ন প্রচারণা চালিয়েছেন তাঁরা। ই-সেবার প্রচারণাসহ ডিজিটাল সেবা সহজলভ্য করার স্বীকৃতিস্বরূপ সেরা ১৩৪ উদ্যোক্তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

‘স্মার্ট বাংলাদেশ: স্মার্ট সেবা ক্যাম্পেইন ২০২২’ প্রচারণা চালানোর সময় ৮ হাজার ৬৬৩টি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা প্রায় ৭৮ লাখ ৭২ হাজার ২৯৪টি স্মার্ট সেবা দিয়েছেন। এ সময় প্রায় ৬৭ কোটি টাকা রেমিট্যান্স আনতেও সহায়তা করেছেন তাঁরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটুআইয়ের প্রকল্প ব্যবস্থাপক মাজেদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান প্রমুখ।