আইওএস ২৭ উন্মুক্ত হচ্ছে আজ, আইফোনে যে ৯ সুবিধা পাওয়া যাবে

আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে অ্যাপলফাইল ছবি: অ্যাপল

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ২৭’ উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। আজ সোমবার উন্মুক্ত হতে যাওয়া অপারেটিং সিস্টেমটিতে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করার পাশাপাশি আইফোনের কর্মক্ষমতা বাড়াতে বিভিন্ন পরিবর্তন এনেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, আইফোন ১২ থেকে পরবর্তী সব মডেলের আইফোনে নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে যুক্ত হওয়া নতুন সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. মেসেজেস অ্যাপে সরাসরি ছবি আঁকার সুযোগ

আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে মেসেজেস অ্যাপ থেকেই সরাসরি ছবি আঁকার সুবিধা যুক্ত করা হয়েছে। এর ফলে বার্তা আদান-প্রদানের সময় অ্যাপলের মার্কআপ টুল ব্যবহার করে চাইলেই সরাসরি ছবি আঁকার পাশাপাশি সেগুলো পাঠানো যাবে। কথোপকথন চলাকালে প্লাস (+) আইকনে ট্যাপ করে ‘ড্রয়িং’ নির্বাচন করলেই ছবি আঁকার সুবিধাটি চালু হবে।

২. হোম স্ক্রিনে ব্যবহার করা যাবে বড় উইজেট

আইওএস ২৭–এ হোম স্ক্রিনে আরও বড় আকারের উইজেট ব্যবহার করা যাবে। নতুন এই উইজেট প্রায় পুরো স্ক্রিনে দেখা যাওয়ায় প্রয়োজনীয় তথ্য দ্রুত দেখা যাবে। শুরুতে অ্যাপলের নিজস্ব অ্যাপগুলোয় বড় আকারের উইজেট ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।

৩. ফেসটাইম কলে ডুয়াল ক্যাপচার সুবিধা

আইওএস ২৭–এ ফেসটাইম কলে ‘ডুয়াল ক্যাপচার’ সুবিধা পাওয়া যাবে। ফলে ফেসটাইম কল চলাকালে আইফোনের সামনের ও পেছনের ক্যামেরা একসঙ্গে চালু করে একই সঙ্গে নিজের অভিব্যক্তি ও সামনের দৃশ্য দেখানো যাবে। ক্যামেরা অ্যাপে আগে থেকেই ডুয়াল ক্যাপচার সুবিধা থাকলেও ফেসটাইমে এই সুবিধা যুক্ত হওয়ায় ভিডিও কলে কথা বলার সময় অন্য প্রান্তের ব্যক্তিকে নিজের পাশাপাশি চারপাশের পরিবেশ স্বচ্ছন্দে দেখানো যাবে।

৪. বাস্তবসম্মত ছবি তৈরি

আইওএস ২৭–এ ‘ইমেজ প্লেগ্রাউন্ড’ সুবিধা হালনাগাদ করা হয়েছে। ফলে জেনারেটিভ মডেলের সাহায্যে এখন আগের তুলনায় আরও বাস্তবসম্মত ছবি তৈরির পাশাপাশি সেগুলো এআইয়ের সহায়তায় দ্রুত সম্পাদনা করা যাবে। ইমেজ প্লেগ্রাউন্ডে তৈরি করা ছবিতে ‘সিন্থআইডি’ যুক্ত থাকবে, যা এআই দিয়ে তৈরি ছবি শনাক্ত করতে সহায়তা করবে।

আরও পড়ুন

৫. রসিদের ছবি তুলেই ভাগ করা যাবে খাবারের বিল

বন্ধুদের সঙ্গে খাবার খাওয়ার পর কে কত টাকা বিল দেবেন, সেই হিসাব দ্রুত করা যাবে আইফোনে। এ জন্য ক্যালকুলেটর ব্যবহারও করতে হবে না। আইফোনের ক্যামেরা দিয়ে রসিদের ছবি তুললেই রসিদটি বিশ্লেষণ করে খাবারের বিল ভাগ করতে সাহায্য করবে এআই। সিরি, ওয়ালেট বা মেসেজেসের মাধ্যমে রসিদের ছবি স্ক্যান করা যাবে। এরপর ব্যবহারকারী কোন কোন খাবার বা পণ্যের দাম দেবেন, তা নির্বাচন করতে পারবেন। এরপর অ্যাপল ক্যাশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে টাকা পরিশোধ করতে হবে।

৬. ছবি তোলার পর বদলানো যাবে ফ্রেম

ছবি তোলার সময় ফ্রেম ঠিকমতো না হলেও চিন্তার কারণ নেই। আইওএস ২৭–এর ‘স্পেশাল রিফ্রেমিং’সুবিধা ব্যবহার করে ছবি তোলার পরও এর ফ্রেমের বিন্যাস পরিবর্তন করা যাবে। ফটোস অ্যাপে এই সুবিধার মাধ্যমে ছবির বিষয়বস্তু নতুন করে সাজানো বা ছবির দৃষ্টিকোণ পরিবর্তন করা যাবে।

আরও পড়ুন

৭. সহজে সন্তানদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণ

শিশুরা কোন ওয়েবসাইট ব্যবহার করছে, তা নিয়ন্ত্রণে আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে অভিভাবকদের জন্য নতুন সুবিধা যুক্ত করেছে অ্যাপল। ‘আস্ক টু ব্রাউজ’ নামের সুবিধাটি চালু থাকলে কোনো শিশু নতুন ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে আগে অভিভাবকের অনুমতি নিতে হবে। শিশুর পাঠানো অনুমতির অনুরোধ মেসেজেস অ্যাপের মাধ্যমে অভিভাবকের কাছে পৌঁছে যাবে। অভিভাবক অনুমতি দেওয়ার পর সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে শিশুরা। প্যারেন্টাল কন্ট্রোলস টুল ব্যবহারের ব্যবস্থাও সহজ করা হয়েছে। এর ফলে শিশুরা কোন কোন অ্যাপ ব্যবহার করতে পারবে, তা সহজেই নির্ধারণ করতে পারবেন অভিভাবকেরা।

৮. অ্যাপ ও ছবি দ্রুত চালু

আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে প্রসেসিং ও নেটওয়ার্ক ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। অ্যাপলের দাবি, নতুন অপারেটিং সিস্টেমে অ্যাপ আগের তুলনায় ৩০ শতাংশ দ্রুত চালু হবে। ফটোস অ্যাপে নতুন ছবি লোড হওয়ার গতিও ৭০ শতাংশ পর্যন্ত বাড়বে। এয়ারড্রপের মাধ্যমে ফাইল স্থানান্তরের গতিও বাড়বে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত। নেটওয়ার্ক ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। ফলে আইফোন আশপাশে পাওয়া নেটওয়ার্কগুলোর মধ্যে তুলনামূলক ভালো নেটওয়ার্ক বেছে নিয়ে প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সেটিতে যুক্ত হতে পারবে। এতে নেটওয়ার্ক পরিবর্তনের সময় সংযোগে বিঘ্ন কমবে।

৯. সিরিকে আরও স্বাভাবিকভাবে নির্দেশ দেওয়া যাবে

সিরির দীর্ঘ প্রতীক্ষিত এআই সুবিধা আইওএস ২৭–এর অন্যতম বড় পরিবর্তন। তবে নতুন এই সুবিধা সফটওয়্যার উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না। অ্যাপল জানিয়েছে, সিরির এআই সুবিধা চলতি বছরের শেষ দিকে চালু করা হবে। জেনারেটিভ এআই যুক্ত হওয়ার পর সিরি ব্যবহারকারীর কথা আরও স্বাভাবিকভাবে বুঝতে পারবে। মেসেজেস, মেইল, ফটোস ও নোটসের মতো বিভিন্ন অ্যাপের তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীর ব্যক্তিগত প্রেক্ষাপটও বুঝতে পারবে। এমনকি আইফোনের পর্দায় কী দেখা যাচ্ছে, তা বুঝে প্রয়োজনীয় কাজও করতে পারবে। বর্তমানে সিরি মূলত একবারে একটি নির্দেশ গ্রহণ করে তার উত্তর দেয়। নতুন ব্যবস্থায় একাধিক নির্দেশ, স্বাভাবিক কথোপকথন এবং বিস্তারিত বা উন্মুক্ত প্রশ্নও বুঝতে পারবে সিরি।

সূত্র: জেডডিনেট