ইউটিউবের ভিডিও নির্মাতাদের জন্য সুখবর

ইউটিউবছবি: রয়টার্স

শখের বশে বা অনলাইনে আয়ের জন্য অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। তবে ইউটিউবে দীর্ঘদিন ভালো মানের ভিডিও প্রকাশ করলেও সেগুলো ভাষাগত জটিলতার কারণে ভিন্ন ভাষার দর্শকদের কাছে জনপ্রিয়তা পায় না। এ সমস্যা সমাধানে গত সেপ্টেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘অটো ডাবিং’ সুবিধা চালু করে ইউটিউব। এত দিন সীমিতসংখ্যক চ্যানেলে চালু থাকা এই সুবিধা এখন থেকে প্ল্যাটফর্মের সব নির্মাতা ব্যবহার করতে পারবেন। ফলে সুবিধাটি কাজে লাগিয়ে নিজেদের তৈরি ভিডিওর দর্শকসংখ্যা বাড়ানোর সুযোগ পাবেন নির্মাতারা।

ইউটিউব জানিয়েছে, অটো ডাবিং সুবিধার আওতায় দর্শকেরা ২৭টি ভাষায় ভিডিওর ডাব করা অডিও শুনতে পারবেন। এত দিন জনপ্রিয় অনেক ইউটিউবার নিজেদের উদ্যোগে ডাব করা ভিডিও প্রকাশ করতেন। তবে ছোট ও মাঝারি চ্যানেলগুলোর পক্ষে সেটি সহজ ছিল না। নতুন সুবিধাটি সেই সমস্যার সমাধান করবে। অটো ডাবিংয়ের পাশাপাশি ‘এক্সপ্রেসিভ স্পিচ’ নামে আরও একটি সুবিধা চালু করেছে ইউটিউব। সুবিধাটি চালুর ফলে ডাব করা কণ্ঠস্বর আরও স্বাভাবিক ও আবেগপূর্ণভাবে শোনা যাবে। প্রাথমিকভাবে এ সুবিধা ৮টি ভাষায় ব্যবহার করা যাবে।

অটো ডাবিং সুবিধার মান আরও উন্নত করতে শিগগিরই ‘লিপ সিঙ্ক’ প্রযুক্তিও চালু করা হবে বলে জানিয়েছে ইউটিউব। অনুবাদ করা অডিওর সঙ্গে ভিডিওতে থাকা চরিত্রের ঠোঁটের নড়াচড়া বর্তমানের তুলনায় আরও সামঞ্জস্যপূর্ণ করে তুলবে সুবিধাটি। ফলে ডাব করা ভিডিওর কথোপকথন বর্তমানের তুলনায় আরও বাস্তব মনে হবে।

দর্শকদের অভিজ্ঞতা উন্নত করতে ‘প্রেফারড ল্যাঙ্গুয়েজ’ সেটিংস সুবিধাও চালু করতে যাচ্ছে ইউটিউব। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা যেকোনো ভিডিও মূল ভাষায় দেখতে পারবেন, আবার চাইলে ডাব করা সংস্করণও বেছে নিতে পারবেন। ফলে দর্শকেরা নিজেদের পছন্দ অনুযায়ী ভাষা পরিবর্তনের সুযোগ পাবেন।

সূত্র: https://www.androidpolice.com/youtube-auto-dubbing-is-now-live-for-all/