নতুন মেসেজিং অ্যাপ আনল ইলন মাস্কের এক্স

এক্সচ্যাটএক্স

ব্যবহারকারীদের আদান–প্রদান করা তথ্যের নিরাপত্তায় এনক্রিপশন প্রযুক্তিনির্ভর নতুন মেসেজিং অ্যাপ উন্মুক্ত করেছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। ‘এক্সচ্যাট’ নামের অ্যাপটিতে বিজ্ঞাপনবিহীন যোগাযোগের পাশাপাশি বিশেষ কোড যুক্ত করে তথ্য আদান–প্রদান করা যাবে। ফলে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে না।

এক্সের তথ্য অনুযায়ী, এক্সচ্যাটে বার্তা আদান–প্রদানের পাশাপাশি অডিও ও ভিডিও ফোনকল, ফাইল ও গ্রুপ চ্যাট করা যাবে। শুধু তা–ই নয়, পাঠানো বার্তা সম্পাদনা বা মুছে ফেলার সুবিধাও মিলবে। প্রাথমিকভাবে এক্সচ্যাট অ্যাপের আইওএস ও আইপ্যাড ওএস সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। ফলে আইফোন ও অ্যাইপ্যাডে অ্যাপটি ব্যবহার করা যাবে।

এক্সের দাবি, এক্সচ্যাটে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না এবং এটি ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রম শনাক্ত করবে না। ফলে স্বচ্ছন্দে একে অপরের সঙ্গে যোগাযোগ করা যাবে। এক্স ব্যবহারকারীরা তাদের বিদ্যমান অ্যাকাউন্ট ব্যবহার করে তাৎক্ষণিকভাবে এক্সচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ, সিগন্যালসহ জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলো ব্যবহারের জন্য অন্য কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকার প্রয়োজন হয় না। তবে এক্সচ্যাট অ্যাপ ব্যবহারের জন্য অবশ্যই এক্সে অ্যাকাউন্ট থাকতে হবে। এই সীমাবদ্ধতা অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

সূত্র: ম্যাশেবল