এক্সে ভিডিওর লিংক কপি করার সুযোগ বাতিল, গুজব না সত্যি

এক্সফাইল ছবি: রয়টার্স

ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) ভিডিওর লিংক কপি করার সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে বলে সম্প্রতি দাবি করেছেন অনেক ব্যবহারকারী। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে এক্স ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। কেউ কেউ আবার এই পরিবর্তনকে স্বাগতও জানান। তবে বাস্তবে এ ধরনের কোনো পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়নি।

প্ল্যাটফর্মটিতে আগের মতোই ভিডিওর লিংক কপি ও শেয়ার করার সুবিধা চালু রয়েছে।
গুজবের সূত্রপাত একটি সাধারণ এক্স পোস্ট থেকে। তবে পোস্টটি একাধিক প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে শেয়ার করার ফলে এক্সে ভিডিওর লিংক কপি করার সুযোগ বাতিল করা হয়েছে বলে অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে। গুজব ছড়ানো কোনো কোনো পোস্ট প্রায় ৪০ লাখবার দেখা হওয়ায় অল্প সময়েই ভুয়া তথ্যটি বড় পরিসরে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অভিযোগের বিষয়ে এক্স বা ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানাননি। তবে বর্তমানে এক্সে ভিডিওর লিংক কপি করার সুবিধা স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাচ্ছে এবং সুবিধাটিতে কোনো পরিবর্তন আনা হয়নি। ধারণা করা হচ্ছে, বিষয়টি এপ্রিল ফুল উপলক্ষে করা একটি রসিকতা ছিল, যা পড়ে বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়।

এক্সে ভিডিওর লিংক কপি করার পদ্ধতিতেও কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে ব্যবহারকারীরা আগের মতোই ভিডিও পোস্টের ডান পাশের নিচে থাকা শেয়ার আইকনে থেকে ‘লিংক কপি’ অপশন নির্বাচন করলেই ভিডিও লিংক কপি করতে পারছেন। কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ভিডিওতে ডানে ক্লিক করে সরাসরি লিংক কপি করার সুবিধাও চালু রয়েছে।
সূত্র: নিউজ১৮