মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যেসব ফোনের দেখা মিলতে পারে
প্রতিবছরের মতো এবারও স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এ প্রদর্শনী চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্বের ফোন অপারেটরদের সংগঠন জিএসএমএ আয়োজিত বার্ষিক এ প্রদর্শনীতে নিজেদের তৈরি নতুন মডেলের স্মার্টফোন নিয়ে হাজির হবে শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। স্মার্টফোনকেন্দ্রিক হলেও প্রদর্শনীতে বরাবরের মতোই নতুন ট্যাবলেট, ল্যাপটপ, টেলিভিশন, রোবট প্রদর্শন করবে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। চলতি বছরের এমডব্লিউসি প্রদর্শনীতে যেসব নতুন ফোনের ঘোষণা আসতে পারে, তা দেখে নেওয়া যাক।
শাওমি
গত বছর চীনে নিজেদের ফ্ল্যাগশিপ সিরিজ শাওমি ১৪ ও ১৪ প্রো মডেলের স্মার্টফোন উন্মুক্ত করেছে শাওমি। চীনের পর বার্সেলোনায় এমডব্লিউসিতে বৈশ্বিক গ্রাহকদের জন্য ফোনগুলো উন্মুক্তের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। এ সিরিজের ফোনে রয়েছে কোয়ালকমের হালনাগাদ প্রসেসর। পেছনের ক্যামেরার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম। এ ছাড়া শাওমি ১৪ আলট্রা ফোনের ঘোষণাও প্রদর্শনীতে আসতে পারে।
অনার
চলতি বছর ‘ডিসকভার দ্য ম্যাজিক’ এই প্রতিপাদ্য নিয়ে এমডব্লিউসিতে অংশ নিচ্ছে অনার। সম্প্রতি স্মার্টফোন ব্র্যান্ডটি বিশ্বের সবচেয়ে পাতলা ভাঁজযোগ্য স্মার্টফোন ‘অনার ম্যাজিক ভি টু’ এনেছে। ধারণা করা হচ্ছে, এমডব্লিউসি আয়োজনেও এই ফোনটি প্রদর্শন করবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি জানুয়ারি মাসে বাজারে আনা ম্যাজিক ৬ প্রো ফোনও এমডব্লিউসিতে দেখাতে পারে অনার।
নাথিং
সম্প্রতি নাথিং ফোন নতুন ফোনের টিজার প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, এমডব্লিউসিতে ‘নাথিং ফোন টু এ’ মডেল উন্মুক্তের ঘোষণা আসতে পারে। ‘নাথিং ফোন টু’ মডেলের পরবর্তী সংস্করণ হলেও ফোনটির দাম তুলনামূলকভাবে কম হবে বলে ধারণা করা হচ্ছে।
ওয়ান প্লাস
নিজেদের তৈরি প্রথম স্মার্টঘড়ি বাজারে আনার ঘোষণা দিতে পারে ওয়ান প্লাস। ওয়্যার ওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টঘড়িটিতে ১ দশমিক ৪৩ ইঞ্চি অ্যামলয়েড পর্দা রয়েছে। স্ন্যাপড্রাগন ডব্লিউ ফাইভ জেন ওয়ান প্রসেসরে চলা স্মার্টঘড়িটিতে দুটি বাটনও রয়েছে।
স্যামসাং
এ বছরের এমডব্লিউসি আসরে স্যামসাংয়ের পক্ষ থেকে তেমন বড় কোনো পণ্যের ঘোষণা আসার সম্ভাবনা কম। তবে ভবিষ্যতে আসতে যাওয়া নতুন কোনো প্রযুক্তি প্রদর্শন করতে পারে স্যামসাং।
লেনোভো
এমডব্লিউসি আসরে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ পর্দার কনসেপ্ট ল্যাপটপ প্রদর্শন করতে পারে লেনোভো। ইতিমধ্যে কনসেপ্ট ল্যাপটপটি নিয়ে বিভিন্ন তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।
সূত্র: ম্যাশেবল