স্মার্টফোন আনছে ওপেনএআই, সত্যি না গুজব

ওপেনএআইফাইল ছবি: রয়টার্স

চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে বলে প্রযুক্তিবিশ্বে গুঞ্জন রটেছে। এত দিন প্রতিষ্ঠানটির সম্ভাব্য প্রযুক্তিপণ্য হিসেবে ইয়ারবাডের কথা শোনা গেলেও নতুন করে স্মার্টফোন তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা। তবে স্মার্টফোন তৈরির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ওপেনএআই।

অ্যাপলের একাধিক নতুন প্রযুক্তিপণ্য বাজারে আনার বিষয়ে নির্ভুল তথ্য দেওয়া বিশ্লেষক মিং চি কুয়ো জানিয়েছেন, সম্ভাব্য স্মার্টফোনটিতে সাধারণ অ্যাপের বদলে ‘এআই এজেন্ট’ ব্যবহার করা হতে পারে। স্মার্টফোনটির প্রসেসর তৈরি করতে পারে মিডিয়াটেক ও কোয়ালকম। পাশাপাশি নকশা ও উৎপাদন সহযোগী হতে পারে লাক্সশেয়ার।

কুয়ো মনে করেন, নিজস্ব স্মার্টফোন ও হার্ডওয়্যার ইকোসিস্টেম তৈরির মাধ্যমে ওপেনএআই কোনো বাধা ছাড়াই স্মার্টফোনের সব ফিচারে এআই যুক্ত করতে পারবে। এর ফলে ব্যবহারকারীদের অভ্যাস সম্পর্কে বর্তমানের তুলনায় বেশি তথ্য সংগ্রহ করতে পারবে ওপেনএআই। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে অথবা ২০২৭ সালের প্রথম প্রান্তিকের মধ্যে স্মার্টফোনটির কারিগরি দিক ও যন্ত্রাংশ সরবরাহকারীদের বিষয়টি চূড়ান্ত করবে ওপেনএআই। এরপর ২০২৮ সালে বড় পরিসরে স্মার্টফোনটির উৎপাদন শুরু হতে পারে।

প্রসঙ্গত, এ বছরের শুরুতে ওপেনএআইয়ের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার ক্রিস লেহেন জানিয়েছিলেন, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ওপেনএআই নিজেদের তৈরি প্রথম প্রযুক্তিপণ্য উন্মোচন করতে পারে। সে সময় বাজার বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, পণ্যটি ভিন্নধর্মী নকশার ইয়ারবাড হতে পারে।

সূত্র: টেকক্রাঞ্চ