জুম বৈঠকের সারসংক্ষেপ লিখে দেবে এআই টুল

বৈঠকের আলোচনার সারসংক্ষেপ দেখা যাবে জুমেরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম ব্যবহার করে গুরুত্বপূর্ণ বৈঠক করেন অনেকে। কিন্তু সময়মতো অংশ নিতে না পারলে বৈঠকে আলোচনা করা সব তথ্য সঠিকভাবে জানা যায় না। এ সমস্যা সমাধানে ‘জুম ডকস’ নামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল তৈরির ঘোষণা দিয়েছে জুম। নতুন এ টুলটি ব্যবহার করে জুম বৈঠকের আলোচনার সারসংক্ষেপ দেখা যাবে। ফলে পরে অংশ নিলেও বৈঠকের গুরুত্বপূর্ণ সব তথ্য জানার সুযোগ মিলবে।

এক ব্লগ পোস্টে জুম জানিয়েছে, জুম ডকস নামের এ সুবিধা ব্যবহার করে অনলাইন বৈঠকের পাশাপাশি বৈঠক চলার সময় অন্যদের আদান-প্রদান করা বার্তার তথ্যও জানা যাবে। চাইলে বৈঠকের তথ্যগুলো সম্পাদনা করার পাশাপাশি বিভিন্ন দলের প্রকল্পের কাজের অগ্রগতি আলাদাভাবে জানা যাবে। ফলে বৈঠকে অংশ নিতে না পারলেও গুরুত্বপূর্ণ সব তথ্য জানা যাবে।

বৈঠকের আলোচনার সারসংক্ষেপ জানার পাশাপাশি প্রকল্প ব্যবস্থাপনা এবং তথ্য সংরক্ষণের সুযোগ থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলটি বেশ জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে টুলটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি জুম। এমনকি টুলটি বিনা মূল্যে না অর্থের বিনিময়ে ব্যবহার করতে হবে, তা–ও জানায়নি জুম কর্তৃপক্ষ।

সম্প্রতি ‘জুম এআই কম্পেনিয়ন’ নামের এআই চ্যাটবট চালু করেছে জুম। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটটি বৈঠক চলাকালে অন্য ব্যক্তিদের পাঠানো বার্তার উত্তর স্বয়ংক্রিয়ভাবে দিতে পারে। শুধু তা-ই নয়, ব্যস্ততার কারণে বৈঠকে অংশ নিতে না পারলে পরে অনলাইনে সংরক্ষণ করা (ক্লাউডে) বৈঠকের তথ্য পর্যালোচনা করে উল্লেখযোগ্য তথ্য জানার সুযোগ করে দেয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস