আইফোনে কি সত্যিই নেটওয়ার্ক ছাড়া ছবি ও মানচিত্র পাঠানো যাবে

অ্যাপল ম্যাপসঅ্যাপল

অ্যাপলের জরুরি এসওএস সেবা কাজে লাগিয়ে দুর্গম অঞ্চল বা নেটওয়ার্কবিহীন স্থান থেকে স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বিপদবার্তা পাঠাতে পারেন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আইফোন ব্যবহারকারীরা। প্রযুক্তিবিশ্বে গুঞ্জন রটেছে, নিজেদের স্যাটেলাইট সেবার পরিধি আরও বাড়াতে চায় অ্যাপল। স্যাটেলাইট সেবার পরিধি আরও বাড়ানো হলে মোবাইল নেটওয়ার্ক না থাকা অবস্থায় আইফোন থেকে ছবি ও অবস্থানের মানচিত্র অন্যদের পাঠাতে পারবেন আইফোন ব্যবহারকারীরা।

নতুন এ সুবিধা চালু হলে ইন্টারনেট সংযোগ ছাড়াই স্যাটেলাইটের মাধ্যমে ছবি পাঠানোসহ অফলাইনে ম্যাপসসুবিধা ব্যবহার করা যাবে। ফলে জরুরি পরিস্থিতির পাশাপাশি হঠাৎ করে মোবাইল নেটওয়ার্ক সমস্যা হলেও গুরুত্বপূর্ণ ছবি ও তথ্য অন্যদের পাঠানোর সুযোগ মিলবে।

আরও পড়ুন

বর্তমানে আইফোন ১৪ বা পরবর্তী মডেলগুলোতে জরুরি পরিস্থিতির জন্য স্যাটেলাইট–সংযোগ সুবিধা ব্যবহার করা যায়। এই স্যাটেলাইট–সংযোগ সুবিধার মাধ্যমে জরুরি বার্তা পাঠানোর জন্য ফোন আকাশের দিকে তাক করে ধরতে হয়। নতুন সুবিধাটি যুক্ত হলে দুর্গম অঞ্চলের পাশাপাশি ব্যস্ত শহরে বসবাসকারীরা আইফোন ব্যবহারকারীরাও হঠাৎ মোবাইল নেটওয়ার্কে সমস্যা হলে বিপদবার্তা পাঠাতে পারবেন।

আরও পড়ুন

মোবাইল নেটওয়ার্ক সমস্যা হলে আইফোন থেকে স্যাটেলাইটের মাধ্যমে ছবি ও অবস্থানের তথ্য জানানোর সুযোগ চালুর বিষয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে আইফোনে স্যাটেলাইট সেবা দেওয়া প্রতিষ্ঠান গ্লোবালস্টারকে অধিগ্রহণ করার কথা রয়েছে অ্যামাজনের। যদি এই চুক্তি সম্পন্ন হয়, তবে অ্যাপল অ্যামাজনের লো আর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করতে পারে, যা বর্তমানের তুলনায় আরও ভালো কভারেজ এবং দ্রুততর সংযোগ স্থাপন করতে সহায়তা করবে। আর তাই মোবাইল নেটওয়ার্ক ছাড়া আইফোন থেকে ছবি ও অবস্থানের তথ্য পাঠানোর বিষয়টিকে আপাতত সম্ভাবনা হিসেবেই দেখছেন প্রযুক্তিবিশ্লেষকেরা।

সূত্র: টেকলুসিভ