চীন ও সিঙ্গাপুরের পর বাংলাদেশে আলফা স্টোর চালু করল অনার

অনার আলফা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরাছবি: প্রথম আলো

চীন ও সিঙ্গাপুরের পর বাংলাদেশে নিজেদের ‘অনার আলফা স্টোর’ চালু করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। রাজধানীর যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় অবস্থিত আলফা স্টোরটি মূলত অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’। ফলে এই স্টোরে অনারের হালনাগাদ মডেলের স্মার্টফোন কেনার পাশাপাশি প্রতিষ্ঠানটির তৈরি সাউন্ড বক্স, হেডফোন, এয়ার ফ্রাইয়ার, ট্যাবলেট কম্পিউটার, ইয়ারফোন, স্মার্ট ওয়াচ ও পাওয়ার ব্যাংক কেনা যাবে। শুধু তা–ই নয়, ভবিষ্যতে বাংলাদেশের বাজারে আসতে যাওয়া রোবট ফোন, স্মার্ট অডিও সানগ্লাস, টেলিভিশন, গেম কন্ট্রোলার, স্মার্ট গিটার ও ল্যাপটপ পরখ করা যাবে স্টোরটিতে।

অনারের হালনাগাদ মডেলের স্মার্টফোন পরখ করছেন দর্শনার্থীরা
ছবি: প্রথম আলো

গতকাল শুক্রবার রাতে স্টোরটির উদ্বোধনী অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লাং গুও বলেন, ‘বাংলাদেশে নতুন এ রিটেইল অভিজ্ঞতা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ব্র্যান্ড হিসেবে অনার কত দূর এগিয়েছে, আলফা স্টোর তারই প্রতিফলন। এখানে অনারের সর্বাধুনিক উদ্ভাবনগুলো একসঙ্গে পাওয়া যাবে। এখানে এসে গ্রাহকেরা সরাসরি দেখতে পারবেন, অনারের ডিভাইসগুলো কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করে।’

অনারের তৈরি স্মার্ট অডিও সানগ্লাস
ছবি: প্রথম আলো

অনার বাংলাদেশের পরিচালক এবং পণ্য ও বিপণনপ্রধান সৈয়দ মোহাম্মদ বদরুল আরেফিন বলেন, ‘খুব কম দেশেই আলফা স্টোর আছে। এই স্টোরে আমরা শুধু যে পণ্য বিক্রি করব তা নয়, ভবিষ্যতে কোন পণ্যগুলো আনব তা–ও দেখাচ্ছি। অনার রোবট ফোন শুধু চীনে পাওয়া গেলেও এই আলফা স্টোরে রোবট ফোনটি ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন দর্শনার্থীরা।’

অনারের তথ্যমতে, স্টোরটিতে অনারের বিভিন্ন পণ্যের সমন্বয়ে তৈরি ইকোসিস্টেমের অভিজ্ঞতা নেওয়া যাবে। অনার কানেক্ট অনুষ্ঠানে এ ইকোসিস্টেমের ঘোষণা দেওয়া হয়েছিল। এসব পণ্য ও নতুন প্রযুক্তি পর্যায়ক্রমে দেশের বাজারে আনা হবে।

অনুষ্ঠানে অনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান, অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল হেড লিউ পেই হেইলি ও অনার বাংলাদেশের ব্যবসাপ্রধান আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।