ইনস্টাগ্রামে ‘রিড রিসিট’ বন্ধ করার সুবিধা

ইনস্টাগ্রামছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাপক বার্তা পড়লেই প্রেরকের কাছে ‘সিন’ চিহ্ন দেখায় ইনস্টাগ্রাম। ফলে প্রেরক বুঝতে পারেন, প্রাপক বার্তাটি পড়েছেন। তবে অনেক সময় বার্তা পড়লেও কাজের ব্যস্ততার কারণে তাৎক্ষণিক উত্তর দেওয়া সম্ভব হয় না। ফলে প্রেরক ভুল বোঝেন। এ সমস্যা সমাধানে সম্প্রতি ‘রিড রিসিট’ সুবিধা বন্ধের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। এতে রিড রিসিট বন্ধ থাকা অবস্থায় অন্যদের পাঠানো বার্তা পড়লেও তাঁরা জানতে পারবেন না।

রিড রিসিট সুবিধা বন্ধের জন্য প্রথমে ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল পেজে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডানদিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে ‘হাউ আদারস ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ ইউ’ অপশনের নিচে থাকা ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠা থেকে ‘শো রিড রিসিটস’ অপশনে ট্যাপ করে রিড রিসিট টগলটি বন্ধ করলেই সুবিধাটি বন্ধ হয়ে যাবে। একইভাবে টগলটি চালু করে আবার রিড রিসিট সুবিধা ব্যবহার করা যাবে।