গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপের বার্তা সংরক্ষণ করবেন যেভাবে
ব্যক্তিগত বা প্রতিষ্ঠানিক কাজে নিয়মিত হোয়াটসঅ্যাপ বার্তা, ছবি, ভিডিওসহ বিভিন্ন ধরনের মিডিয়া ফাইল আদান–প্রদান করেন অনেকেই। তবে স্মার্টফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে হোয়াটসঅ্যাপে আদান–প্রদান করা গুরুত্বপূর্ণ বার্তা, ছবি, ভিডিওগুলো আর দেখা যায় না। হোয়াটসঅ্যাপের সব তথ্য গুগল ড্রাইভে সংরক্ষণ করে এ সমস্যার সমাধান করা সম্ভব।
গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপের সব বার্তা, ছবি, ভিডিওর ব্যাকআপ সংরক্ষণ করতে হলে স্মার্টফোনে সক্রিয় গুগল অ্যাকাউন্ট যুক্ত থাকার পাশাপাশি অবশ্যই গুগল প্লে সার্ভিসেস ইনস্টল থাকতে হবে। গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপের সব বার্তা, ছবি, ভিডিও সংরক্ষণের পদ্ধতি দেখে নেওয়া যাক।
হোয়াটসঅ্যাপেরর সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে সংরক্ষণের জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর পপআপে প্রদর্শিত অপশন থেকে সেটিংসে ট্যাপ করে ‘চ্যাটস’ অপশন নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠার নিচে স্ক্রল করে ‘চ্যাট ব্যাকআপ’ অপশন থেকে গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপর ফ্রিকোয়েন্সি অপশনে দৈনিক, সাপ্তাহিক, মাসিক নাকি নির্দিষ্ট সময়ের তথ্য জমা হবে, তা নির্ধারণ করে দিতে হবে। ব্যাকআপে ভিডিও রাখতে চাইলে ইনক্লুড ভিডিও অপশনের পাশের টগলটি চালু করতে হবে।
প্রয়োজনে ব্যাকআপ সংরক্ষণের জন্য ব্যবহৃত গুগল অ্যাকাউন্টও পরিবর্তন করা যায়। এ জন্য হোয়াটসঅ্যাপের ওপরের ডান পাশে থাকা তিনটি ডট অপশনে গিয়ে সেটিংস থেকে চ্যাটস নির্বাচন করতে হবে। এরপর চ্যাট ব্যাকআপ থেকে গুগল অ্যাকাউন্ট অপশন নির্বাচনের পর ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন গুগল অ্যাকাউন্টে সাইনইন করতে হবে। এবার ব্যাকআপ অপশনে নতুন গুগল অ্যাকাউন্টের চ্যাট ব্যাকআপ নেওয়ার সময় নির্ধারণ করতে হবে।
হোয়াটসঅ্যাপে ব্যাকআপের সময়সূচি যদি প্রতিদিন নির্ধারণ করা থাকে, তাহলে প্রতিদিন রাতে স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে তথ্য সংরক্ষণ করা হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া