হোয়াটসঅ্যাপের মুছে যাওয়া বার্তা ও ছবি ফেরত আনবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে বার্তা, ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ নথি ভুল করে মুছে গেলে বেশ বিপাকে পড়তে হয়। কারণ, হোয়াটসঅ্যাপ থেকে মুছে ফেলা তথ্য ও ছবি উদ্ধার করা বেশ জটিল কাজ। শুধু তা–ই নয়, এ জন্য অবশ্যই আগে থেকে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ অপশন চালু রাখতে হয়। তবে ব্যাকআপ অপশনে নির্দিষ্ট সময়ের পরের তথ্য জমা থাকে না। ধরা যাক, সর্বশেষ ব্যাকআপ নেওয়া হয়েছে গত শনিবার। এরপর সোমবার হোয়াটসঅ্যাপে কোনো তথ্য বা ছবি মুছে গেলে ব্যাকআপে সেগুলো পাওয়া যাবে না। এ কারণে কোনো তথ্য ফিরিয়ে আনার আগে প্রথমেই হোয়াটসঅ্যাপে সর্বশেষ ব্যাকআপের তারিখ ও সময় পরীক্ষা করতে হবে। ফোনের স্টোরেজে থাকা স্থানীয় ব্যাকআপ থেকেও কিছু ক্ষেত্রে পুরোনো তথ্য ফিরিয়ে আনা সম্ভব।
বার্তা ও ছবি ফেরত আনার জন্য যা করতে হবে
বার্তা ও ছবি ফেরত আনার জন্য প্রথমেই হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে ‘চ্যাটস’ অপশনে গিয়ে ‘চ্যাট ব্যাকআপ’ নির্বাচন করতে হবে। সেখানে সর্বশেষ ব্যাকআপ তৈরির তারিখ ও সময় দেখা যাবে। ব্যাকআপের সময় ঠিক থাকলে ফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ আইকনে কিছুক্ষণ চেপে ধরে ‘আনইনস্টল’ অপশন নির্বাচন করে বা ফোনের সেটিংস থেকে অ্যাপটি মুছে ফেলা যাবে। এরপর অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর অথবা আইফোনে অ্যাপ স্টোর খুলে হোয়াটসঅ্যাপ পুনরায় ইনস্টল করতে হবে। হোয়াটসঅ্যাপ চালু করার পর আগের অ্যাকাউন্টে ব্যবহৃত ফোন নম্বরটি দিতে হবে। এরপর ফোনে পাঠানো ওটিপির মাধ্যমে নম্বরটি যাচাই শেষে আগের ব্যাকআপ থেকে চ্যাট পুনরুদ্ধারের জন্য ‘রিস্টোর’ অপশন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই ব্যাকআপে সংরক্ষিত সব তথ্য আবার ফোনে দেখা যাবে।
ব্যাকআপ অপশন চালু না থাকলে কী করবেন
ব্যাকআপে প্রয়োজনীয় তথ্য না থাকলে কিছু ক্ষেত্রে তথ্য রিকভারি সফটওয়্যারের সাহায্য নেওয়া যায়। ড.ফোনের মতো বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ তথ্য পুনরুদ্ধার করতে পারে। তবে এ ধরনের অ্যাপ ব্যবহার করলেই মুছে যাওয়া সব তথ্য ফিরে পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। কারণ, কোনো ফাইল মুছে যাওয়ার পর নতুন তথ্য সংরক্ষণ করা হলে সেগুলো পুরোনো তথ্যের জায়গায় জমা হতে পারে। ফলে মুছে ফেলা তথ্য পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়ে। শুধু তা–ই নয়, ফোনের মডেল, অ্যান্ড্রয়েডের সংস্করণ, স্টোরেজের ধরন এবং তথ্য মুছে যাওয়ার পর ফোনটি কত সময় ব্যবহার করা হয়েছে—এসব বিষয়ও পুনরুদ্ধারের সম্ভাবনার ওপর প্রভাব ফেলতে পারে।
ভবিষ্যতে তথ্য হারানো ঠেকাতে
হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ঝুঁকি কমাতে নিয়মিত ব্যাকআপ রাখা উচিত। প্রয়োজন অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে ব্যাকআপের ব্যবস্থা করা যায়। গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও নথির অতিরিক্ত কপিও কম্পিউটার বা অন্য কোনো নিরাপদ স্থানে রাখা যেতে পারে। এতে হোয়াটসঅ্যাপের ব্যাকআপে কোনো সমস্যা হলেও প্রয়োজনীয় তথ্য পুরোপুরি হারিয়ে যাওয়ার ঝুঁকি কমবে।
সূত্র: বিবিএন টাইমস