হোয়াটসঅ্যাপে অ্যাভাটার তৈরি করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে সহজেই অ্যাভাটার (নিজের চেহারার আদলে ইমোজি) তৈরি করা যায়। নিজের চেহারার অ্যাভাটার প্রোফাইল ছবি হিসেবে ব্যবহারের পাশাপাশি স্টিকারের মতো অন্যদের পাঠানোর সুযোগ থাকায় হোয়াটসঅ্যাপে অনেকেই নিত্যনতুন অ্যাভাটার ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপে ইচ্ছা অনুযায়ী অ্যাভাটার তৈরির পাশাপাশি নিজের ছবি বা সেলফি ব্যবহার করেও স্বয়ংক্রিয়ভাবে অ্যাভাটার তৈরি করা সম্ভব। হোয়াটসঅ্যাপে অ্যাভাটার তৈরির কৌশল দেখে নেওয়া যাক।
ইচ্ছা অনুযায়ী অ্যাভাটার তৈরি
ইচ্ছা অনুযায়ী অ্যাভাটার তৈরি করতে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপের ডান পাশের ওপরের কোণে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করে বা যেকোনো চ্যাটের স্টিকার আইকনে ট্যাপ করে সেটিংস অপশনে যেতে হবে। এরপর অ্যাভাটার অপশন নির্বাচন করে ‘ক্রিয়েট ইউর অ্যাভাটার’-এ ট্যাপ করতে হবে। এবার ‘গেট স্টার্টেড’ নির্বাচনের পর ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশনে প্রবেশ করে অ্যাভাটারের ত্বকের রং, চুলের ধরন, মুখের গঠন ও শরীরের আকৃতি নির্ধারণের পর প্রতিটি ধাপেই ‘সেভ অ্যান্ড কনটিনিউ’–এ ট্যাপ করতে হবে। সব ধাপ সম্পন্ন হলে ‘সেভ’ চাপলেই অ্যাভাটার তৈরি হয়ে যাবে।
ছবি বা সেলফি ব্যবহার করে অ্যাভাটার তৈরি
নিজের ছবি বা সেলফি ব্যবহার করে অ্যাভাটার তৈরির জন্য প্রথমে সেটিংস থেকে অ্যাভাটার অপশনে প্রবেশ করে ‘ক্রিয়েট ইউর অ্যাভাটার’-এ ট্যাপ করতে হবে। এরপর ‘গেট স্টার্টেড’ নির্বাচন করে ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ অপশন নির্বাচন করতে হবে। ক্যামেরা ব্যবহারের অনুমতি চাইলে ‘কনটিনিউ’ অপশনে ক্লিক করে প্রয়োজন অনুযায়ী অনুমতি দিতে হবে। এরপর ক্যামেরার ফ্রেমের মাঝখানে মুখ রেখে ছবি তুললেই হোয়াটসঅ্যাপ একটি প্রাথমিক অ্যাভাটার তৈরি করে দেবে। পরে সেটি নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ এবং শেষে ‘সেভ’ অপশনে ক্লিক করতে হবে।
যেসব বিষয় জানা জরুরি
হোয়াটসঅ্যাপে তৈরি করা অ্যাভাটার যেকোনো সময় মুছে ফেলা যায়। তবে একবার মুছে ফেললে সেটি আর পুনরুদ্ধার করা সম্ভব হয় না। এমনকি অ্যাভাটার তৈরির সময় লিঙ্গ নির্বাচনেরও সুযোগ মেলে না।