হোয়াটসঅ্যাপে গোপনীয়তা রক্ষায় এই ৫ নিরাপত্তাসুবিধা ব্যবহার করছেন তো

হোয়াটসঅ্যাপছবি: রয়টার্স

ব্যক্তিগত কথোপকথন থেকে শুরু করে ছবি, প্রোফাইলের তথ্য ও স্ট্যাটাস হোয়াটসঅ্যাপে প্রতিদিন নানা ধরনের ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করেন ব্যবহারকারীরা। এসব তথ্যের গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপে বেশ কিছু নিরাপত্তাসুবিধা রয়েছে। সুবিধাগুলো কাজে লাগিয়ে ব্যক্তিগত চ্যাট আলাদাভাবে লক করার পাশাপাশি ফেস আইডি, টাচ আইডি বা আঙুলের ছাপ ব্যবহার করে নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যায়। নিরাপত্তাসুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. ব্যক্তিগত চ্যাট লক

ব্যক্তিগত বা সংবেদনশীল কথোপকথন অন্যদের দৃষ্টির আড়ালে রাখতে ‘চ্যাট লক’ সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। সুবিধাটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা আঙুলের ছাপ ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আদান-প্রদান করা তথ্য লক করে রাখতে পারেন। ফলে অন্য কেউ ফোন ব্যবহার করলেও সেই বার্তা বা ছবি দেখতে পারেন না। সুবিধাটি চালুর পদ্ধতিও বেশ সহজ। যে চ্যাটটি সুরক্ষিত রাখতে হবে সেটি বাঁ দিকে সোয়াইপ বা কিছুক্ষণ চেপে ধরে ওপরে থাকা ‘তিনটি ডট অপশন’ থেকে ‘লক চ্যাট’ নির্বাচন করলেই চ্যাটটি লক হয়ে যাবে। পরে একইভাবে ‘আনলক চ্যাট’ নির্বাচন করে চ্যাটটি আবার স্বাভাবিক তালিকায় ফিরিয়ে আনার সুযোগ মিলবে।

২. প্রোফাইল ছবি অপরিচিত ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখা

নিজেদের পরিচিতি ভালোভাবে প্রকাশ করতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রোফাইল ছবি ব্যবহার করেন অনেকে। তবে ব্যক্তিগত গোপনীয়তার জন্য অনেকেই অপরিচিত ব্যক্তিদের সামনে হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি প্রদর্শন করতে চান না। চিন্তার কিছু নেই, নিজের প্রোফাইল ছবি অপরিচিত ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখার রাখার সুযোগ রয়েছে হোয়াটসঅ্যাপ। প্রোফাইল ছবি অপরিচিত ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখার জন্য হোয়াটসঅ্যাপের বাঁ দিকে ওপরে থাকা ‘তিনটি ডট অপশন’ থেকে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে। এরপর ‘প্রাইভেসি’ থেকে ‘প্রোফাইল ফটো’ অপশনে যেতে হবে। এবার ‘মাই কনট্যাক্টস’, ‘মাই কনট্যাক্টস এক্সেপ্ট’ বা ‘নান’ অপশন থেকে যেকোনো একটি নির্বাচন করলেই অপরিচিত ব্যক্তিরা প্রোফাইল ছবি দেখতে পারবে না।

৩. ফেস আইডি বা আঙুলের ছাপ দিয়ে অ্যাপ লক

শুধু নির্দিষ্ট চ্যাট নয়, পুরো হোয়াটসঅ্যাপ অ্যাপও নিরাপত্তার অতিরিক্ত স্তর দিয়ে সুরক্ষিত রাখা যায়। অ্যান্ড্রয়েড ফোনে আঙুলের ছাপ বা চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আনলক করার সুযোগ মিলে থাকে। আইফোনে সুবিধাটি ব্যবহার করা যায় টাচ আইডি বা ফেস আইডির মাধ্যমে। আর ওয়েব সংস্করণে হোয়াটসঅ্যাপ আনলক করার জন্য পাসওয়ার্ড ব্যবহার করতে হয়।

৪. ‘ভিউ ওয়ানস’ সুবিধার মাধ্যমে ছবি ও ভিডিও পাঠানো

ব্যবহারকারীদের আদান-প্রদান করা গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও নিরাপদে রাখতে সেগুলো প্রাপক দেখার পরপরই স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুযোগ দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। ‘ভিউ ওয়ানস’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে পাঠানো ব্যক্তিগত ছবি, ভিডিও ও ভয়েস মেসেজ  প্রাপক একবার দেখার পর সেগুলো মুছে যায়। একইভাবে ভয়েস মেসেজ একবার শোনার পর সেটি শোনা যায় না। এসব ছবি ও ভিডিও প্রাপকের ফোনের ফটোস বা গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ না হওয়ায় গোপনীয়তা বজায় থাকে।

৫. স্ট্যাটাস নিয়ন্ত্রণ

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সাধারণত ব্যবহারকারীর কনট্যাক্ট তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে শেয়ার করা হয়। তবে চাইলে সব কনট্যাক্টের পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপে স্ট্যাটাস শেয়ার করা যায়; অর্থাৎ স্ট্যাটাসের দর্শক নির্ধারণের সময় যাঁদের যুক্ত বা উল্লেখ করা হবে, তাঁরা সেই স্ট্যাটাস দেখতে পারবেন। এ ছাড়া কনট্যাক্ট তালিকায় কোনো ব্যক্তির ফোন নম্বর সংরক্ষণ করা না থাকলেও তাঁর নাম স্ট্যাটাসে মেনশন করা যায় হোয়াটসঅ্যাপে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া