ক্রোম ব্রাউজারের তথ্য সংগ্রহ সীমিত রাখার ৫ কৌশল
জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারের তালিকায় সবার ওপরে রয়েছে ক্রোম ব্রাউজার। ইন্টারনেট ব্যবহারকারীদের বেশির ভাগই গুগলের তৈরি ব্রাউজারটি ব্যবহার করেন। তবে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করে বা ছাড়া যেভাবেই তথ্য খোঁজেন না কেন, কোনো তথ্যই চোখ এড়ায় না গুগলের। তাই ক্রোম ব্রাউজারের মাধ্যমে কোন কোন ওয়েবসাইটে প্রবেশ করছেন বা গুগলে আপনি কী খুঁজছেন বা খোঁজার চেষ্টা করছেন, তার সব তথ্যই জমা থাকে গুগলের তথ্যভান্ডারে। চাইলেই ক্রোম ব্রাউজারের সেটিংস পরিবর্তন করে তথ্য সংগ্রহের কার্যক্রম সীমিত করা যায়।
১. ব্যবহারসংক্রান্ত তথ্য সংগ্রহ বন্ধ
ব্যবহারকারীরা কোন কোন ফিচার ব্যবহার করছেন বা ওয়েবপেজ চালুর সময়ের তথ্য নিয়মিত সংগ্রহ করে থাকে ক্রোম ব্রাউজার। এসব তথ্য সংগ্রহ বন্ধের জন্য প্রথমে ক্রোম ব্রাউজারের তিন ডট মেনু থেকে সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর ইউ অ্যান্ড গুগল অপশন থেকে সিঙ্ক অ্যান্ড গুগল সার্ভিসেস নির্বাচন করে ‘হেল্প ইমপ্রুভ ক্রোমস ফিচারস অ্যান্ড পারফরম্যান্স’ অপশনটি বন্ধ করতে হবে।
২. বিজ্ঞাপনের তথ্য সংগ্রহ সীমিত
গুগলের আয়ের বড় অংশ আসে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে। আর তাই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের আগ্রহ ও ইন্টারনেট ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞাপন দেখিয়ে থাকে প্রতিষ্ঠানটি। ক্রোম ব্রাউজারে বিজ্ঞাপনের তথ্য সংগ্রহ সীমিত করতে প্রথমে সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যাডস প্রাইভেসি অপশনে প্রবেশ করে অ্যাড টপিকস, সাইট-সাজেস্টেড অ্যাডস এবং অ্যাড মেজারমেন্ট অপশনগুলো বন্ধ করতে হবে।
৩. ইন্টারনেট ব্যবহারের তথ্যে নজরদারি কমানো
ব্যবহারকারীরা কোন কোন ওয়েবসাইটে যাচ্ছেন, সেই তথ্যও সংরক্ষণ করে ক্রোম ব্রাউজার। ইন্টারনেট ব্যবহারের তথ্যে নজরদারি কমানোর জন্য ‘ইউ অ্যান্ড গুগল’ অপশনে ক্লিক করে ‘সিঙ্ক অ্যান্ড গুগল সার্ভিসেস’ নির্বাচন করতে হবে।এরপর ‘মেক সার্চেস অ্যান্ড ব্রাউজিং বেটার’ ও ‘এনহ্যান্সড স্পেল চেক’ অপশন দুটি বন্ধ রাখতে হবে।
৪. ইন্টারনেট ব্যবহারের ইতিহাস নিয়মিত মুছে ফেলা
ব্যবহারকারীদের স্মার্টফোন বা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, কুকিজ ও ক্যাশ ফাইল সংরক্ষণ করে থাকে ক্রোম ব্রাউজার। এসব তথ্য নিয়মিত মুছে ফেলে তথ্য ফাঁসের ঝুঁকি কমানো যায়। এ জন্য সেটিংসে প্রবেশ করে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যেতে হবে। এরপর ডিলিট ব্রাউজিং ডেটাতে গিয়ে নির্দিষ্ট সময়সীমা নির্বাচন করে ডেটা মুছে ফেলতে হবে।
৫. কুকিজ ও অবস্থান শনাক্তকরণ সুবিধা বন্ধ
থার্ড পার্টি কুকিজ ও অবস্থান শনাক্তকরণ সুবিধার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম অনুসরণ করতে পারে, যা গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ। থার্ড পার্টি কুকিজ ও অবস্থান শনাক্তকরণ সুবিধা বন্ধের জন্য প্রথমে সেটিংসে প্রবেশ করে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে। এরপর থার্ড পার্টি কুকিজে গিয়ে ‘ব্লক থার্ড-পার্টি কুকিজ’ অপশন চালু করতে হবে। এর পাশাপাশি ‘সেন্ড আ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট উইথ ইয়োর ব্রাউজিং ট্রাফিক’ অপশনটি চালু করতে হবে।