ইনস্টাগ্রাম পোস্টে ট্যাগ করা বন্ধ করবেন যেভাবে
ছবি ও ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে চাইলেই নিজেদের পোস্টে অন্য ব্যবহারকারীদের নাম ট্যাগ করা যায়। আর তাই ইনস্টাগ্রামে ছবি বা রিলস ভিডিও পোস্ট করার সময় পরিচিত ব্যক্তিদের ট্যাগ করেন অনেকেই। কেউ আবার অপ্রাসঙ্গিক পোস্টেও অন্যদের ট্যাগ করেন। এর ফলে কখনো কখনো বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। ইনস্টাগ্রাম পোস্টে কারা ট্যাগ করতে পারবেন, তা নির্ধারণ করে এ সমস্যার সমাধান করা সম্ভব।
ইনস্টাগ্রাম পোস্টে ট্যাগ করা বন্ধের জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠার ওপরের ডানদিকে থাকা হ্যামবার্গার মেন্যুতে ট্যাপ করে পপআপে প্রদর্শিত অপশন থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করতে হবে। এবার ‘হাউ আদারস ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ ইউ’ অপশনের নিচে থাকা ‘ট্যাগস অ্যান্ড মেনশনস’–এ ক্লিক করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ‘হু ক্যান ট্যাগ ইউ’–এর নিচে থাকা ‘ডোন্ট অ্যালাউ ট্যাগস’ অপশন নির্বাচন করতে হবে।