চালু হলো স্মার্ট লিডারশিপ একাডেমি

স্মার্ট লিডারশিপ একাডেমি উদ্বোধন করছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ((বাঁ থেকে দ্বিতীয়)সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্ট নেতৃত্ব তৈরির জন্য রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে চালু করা হয়েছে স্মার্ট লিডারশিপ একাডেমি। এ প্রশিক্ষণকেন্দ্রে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের হালনাগাদ প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে তাঁরা নিজেরা প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজ নিজ এলাকায় স্মার্ট নেতৃত্ব গড়ে তুলতে পারবেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত ‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট লিডারশিপ’ শীর্ষক কর্মশালা থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীনে ‘এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি’ প্রকল্প এ কর্মশালার আয়োজন করে। এতে দুই শতাধিক সংসদ সদস্য অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সমাজের সব স্তরে প্রযুক্তিজ্ঞানসম্পন্ন স্মার্ট নেতৃত্ব গড়ে তুলতে হবে। স্মার্ট নেতৃত্ব গড়ে তুলতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারেন সংসদ সদস্যরা। কারণ, সংসদ সদস্যদের সঙ্গে জনগণের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। আর তাই সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার মানুষকে ডিজিটাল স্বাক্ষরজ্ঞানসম্পন্ন করার জন্য উদ্যোগী ভূমিকা পালন করতে পারেন।

ভবিষ্যতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, জ্বালানিসহ প্রায় সব খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), রোবোটিকস, ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টিং, ড্রোনের ব্যাপক ব্যবহার হবে মন্তব্য করেন শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, এসব প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলতে হলে প্রযুক্তিতে দক্ষ হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তৃণমূল থেকে সব স্তরে স্মার্ট নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হলে ২০৪১ সালের আগেই আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।

স্মার্ট নেতৃত্ব তৈরিতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক বলেন, ভবিষ্যতে মানুষের প্রয়োজনের অধিকাংশ কাজই করা হবে প্রযুক্তির সহায়তায়। এ জন্য নিজ নিজ এলাকার মানুষকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত ও সচেতন করার উদ্যোগ নিতে হবে সংসদ সদস্যদের। প্রত্যেক নাগরিককে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলায় জন্য সংসদ সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

খ্যাতিমান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় বলেছেন চতুর্থ শিল্পবিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দেবে—উল্লেখ করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ তাঁর বক্তব্যে বলেন, তবে এই নেতৃত্ব দানের জন্য তরুণদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি করা প্রয়োজন। সেই নেতৃত্ব তৈরি করবে স্মার্ট লিডারশিপ একাডেমি।

উল্লেখ্য, প্রাথমিকভাবে সংসদ সদস্যদের জন্য চালু হলেও পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্মার্ট লিডারশিপ একাডেমি থেকে হালনাগাদ প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ প্রশিক্ষণ নিতে পারবেন।

সংসদ সদস্যদের নিয়ে মেডিটেশন

স্মার্ট লিডারশিপ একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানের পর উপস্থিত সংসদ সদস্যদের নিয়ে সাত মিনিটের একটি ধ্যান বা মেডিটেশন অধিবেশন অনুষ্ঠিত হয়। মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মনের বন্ধু এই এই অধিবেশন পরিচালনা করে। মেডিটেশন পরিচালনা করেন মনের বন্ধুর লিড সাইকোসোশ্যাল কাউন্সেলর কাজী রুমানা হক।

এ সময় মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌহিদা শিরোপা উপস্থিত ছিলেন। তিনি বলেন, সংসদ সদস্যরা নানা ধরনের চাপে (স্ট্রেস) থাকেন। তাঁদের জন্য মেডিটেশন বেশ কার্যকর পদ্ধতি। সংসদ সদস্যদের মাধ্যমে মনের বন্ধু তৃণমূলের মানুষের কাছে যেতে চায়। মানসিক স্বাস্থ্য ঠিক রাখা সবার জন্যই জরুরি। তিনি জানান গুগল প্লে স্টোর থেকে মনের বন্ধু অ্যাপ নামিয়ে যে কেউ বিনা মূল্যে মেডিটেশন করতে পারবেন।