ইউক্রেনের এআই কূটনীতিক ভিক্টোরিয়া শি জানাচ্ছে যুদ্ধের খবর

এআই কূটনীতিক ভিক্টোরিয়া শিসংগৃহীত

দীর্ঘদিন ধরেই যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। যুদ্ধে নিজেদের সফলতা তুলে ধরার পাশাপাশি হালনাগাদ তথ্য সবাইকে নিয়মিত জানিয়ে থাকেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এবার যুদ্ধের হালনাগাদ তথ্য জানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মুখপাত্র নিয়োগ দিয়েছে ইউক্রেন সরকার। সুশ্রী তরুণীর মতো দেখতে ‘ভিক্টোরিয়া শি’ নামের এই মুখপাত্রের কথা বলার ভঙ্গি বেশ সুন্দর। এরই মধ্যে নিজেদের এআই মুখপাত্রকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ভিক্টোরিয়া শি কালো পোশাক পরে কথা বলছে। টানটান করে পেছনে বাঁধা চুল ও কানে দুলও রয়েছে তার। নিজের পরিচয় দিয়ে ভিক্টোরিয়া শি বলে, ‘আমার কাজ হবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য জনগণের কাছে পৌঁছে দেয়। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হিসেবে আমি নিয়মিত যুদ্ধের হালনাগাদ তথ্য সাংবাদিকদের জানাব।’

আরও পড়ুন

এআই কূটনীতিকের বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক বিবৃতিতে জানান, দেশের জন্য কাজ করতে এআই মুখপাত্রের যাত্রা শুরু হয়েছে। দ্রুত তথ্য দেওয়া ও এক ধাপ এগিয়ে থাকতে কাজ করছে ভিক্টোরিয়া শি। এআই মুখপাত্রের মাধ্যমে সময় বাঁচবে। ফলে নাগরিকদের সহায়তা করার মতো অন্যান্য কাজে মনোনিবেশ করা যাবে।

উল্লেখ্য, যুদ্ধের ময়দানে মাইন শনাক্ত, বাস্তুচ্যুত নাগরিকদের স্থানান্তরসহ যুদ্ধের বিভিন্ন পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে ইউক্রেন। শুধু তা–ই নয়, এআই ডেটা বিশ্লেষণ সফটওয়্যারও ব্যবহার করছে দেশটি।

সূত্র: ডেইলি মেইল