ই–মেইল আরও প্রাসঙ্গিক করতে জিমেইলের হেল্প মি রাইটে নতুন দুই সুবিধা

জিমেইলে নতুন সুবিধা যোগ হচ্ছেছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ই–মেইল লেখার সুবিধা ‘হেল্প মি রাইট’–এ নতুন পার্সোনালাইজড সুবিধা যুক্ত করেছে গুগল। ফলে জিমেইলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া ই–মেইলের খসড়া এখন ব্যবহারকারীর নিজস্ব লেখার ধরন, ভাষার ভঙ্গি ও উপস্থাপনার সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হবে।

বৃহস্পতিবার প্রকাশিত এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, জেমিনি প্রযুক্তিচালিত ‘হেল্প মি রাইট’ টুলে দুটি নতুন সুবিধা যোগ করা হয়েছে। এর একটি হলো ‘টপিক কনটেক্সচুয়ালাইজেশন’। এই সুবিধা ব্যবহার করে জিমেইল ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী গুগল ড্রাইভ ও জিমেইলে সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করতে পারবে। এরপর প্রয়োজন অনুযায়ী সেই তথ্য ই–মেইলের খসড়ায় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করবে।

অন্য সুবিধাটির নাম ‘টোন অ্যান্ড স্টাইল পারসোনালাইজেশন’। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারীর আগের পাঠানো ই–মেইল বিশ্লেষণ করে তার লেখার ধরন, শব্দচয়ন ও ভাষার ভঙ্গি অনুকরণ করে নতুন খসড়া তৈরি করবে। ফলে ই–মেইলগুলো আগের তুলনায় আরও স্বাভাবিক, ব্যক্তিগত ও কথোপকথনধর্মী মনে হবে।

গুগলের প্রকাশ করা একটি উদাহরণে দেখা গেছে, একজন ব্যবহারকারী সাম্প্রতিক ইনফ্লুয়েন্সার প্রচারণা নিয়ে একটি ই–মেইল লিখছেন। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা গুগল ড্রাইভে থাকা নথি থেকে সংশ্লিষ্ট প্রচারণার নাম সংগ্রহ করছে। একই সঙ্গে সাম্প্রতিক ই-মেইল বিশ্লেষণ করে প্রচারণার অগ্রগতি-সংক্রান্ত তথ্যও খসড়ায় যুক্ত করছে। শুধু তা-ই নয়, পুরো ই-মেইলের ভাষাও ব্যবহারকারীর স্বাভাবিক কথোপকথনের ধাঁচ অনুযায়ী আরও সহজ ও সাবলীল করে উপস্থাপন করা হচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম এ সুবিধাগুলোর ঘোষণা দিয়েছিল গুগল। বর্তমানে ধাপে ধাপে সেগুলো চালু করা হচ্ছে বিজনেস স্টার্টার, স্ট্যান্ডার্ড ও প্লাস সংস্করণের গ্রাহকদের জন্য। পাশাপাশি এন্টারপ্রাইজ স্টার্টার, স্ট্যান্ডার্ড ও প্লাস ব্যবহারকারীরাও নতুন সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন। এ ছাড়া কনজ্যুমার পর্যায়ের গুগল এআই প্লাস, প্রো ও আলট্রা গ্রাহকদের পাশাপাশি গুগল এআই প্রো ফর এডুকেশন সেবাতেও সুবিধাগুলো চালু করা হচ্ছে।

সূত্র: ম্যাশেবল