মঙ্গল গ্রহে মানুষের সাহায্য ছাড়াই পথ পাড়ি দিল নাসার পারসিভিয়ারেন্স রোভার
২০২১ সাল থেকেই মঙ্গল গ্রহের পৃষ্ঠের বিভিন্ন তথ্য সংগ্রহ করছে নাসার পাঠানো পারসিভিয়ারেন্স রোভার যান। এত দিন পৃথিবী থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে যানটির কার্যক্রম নিয়ন্ত্রণ করা হলেও সম্প্রতি পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহে নিজের সিদ্ধান্তেই পথ চলেছে পারসিভিয়ারেন্স রোভার। শুনতে অবাক লাগলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে মানুষের সাহায্য ছাড়াই নিজে নিজে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে রোভারটি। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো রোভার পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে এআই প্রযুক্তির মাধ্যমে চলাচল করল।
নাসার তথ্যমতে, গত ৮ ও ১০ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালশন ল্যাবরেটরির নেতৃত্বে এই পরীক্ষা চালানো হয়। এই পদ্ধতিতে একটি ভিশন-ল্যাংগুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে। মডেলটি অনেকটা মানুষের মতোই মঙ্গলের ভূপ্রকৃতির ছবি ও তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত জানাতে পারে। মঙ্গল গ্রহের দূরত্ব বেশি হওয়ায় পৃথিবী থেকে পাঠানো সংকেত সেখানে পৌঁছাতে অনেক সময় লাগে বলে রোভার নিয়ন্ত্রণে বেশ সমস্যা হয়। কিন্তু নতুন এই এআই মডেল নিজে থেকেই বিপজ্জনক এলাকা শনাক্ত করে রোভারকে সঠিক পথে যেতে সাহায্য করে।
এআই মডেলটি মার্স রিকনেসান্স অরবিটারের হাই-রেজোল্যুশন ছবি ও ঢাল–সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে পাথর ও বালুর ঢেউয়ের মধ্য দিয়ে নিরাপদ পথ তৈরি করতে পারে। গত ৮ ডিসেম্বর পারসিভিয়ারেন্স রোভার এআইয়ের দেখানো পথে ৬৮৯ ফুট এবং ১০ ডিসেম্বর আরও ৮০৭ ফুট পথ পাড়ি দেয়। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, এই স্বায়ত্তশাসিত প্রযুক্তি মহাকাশ মিশনকে আরও দক্ষ করে তুলবে এবং পৃথিবী থেকে দূরত্ব বাড়লেও কাজ চালিয়ে যাওয়া সহজ হবে।
জেপিএলের এক্সপ্লোরেশন সিস্টেম অফিসের ম্যানেজার ম্যাট ওয়ালেস জানান, এ ধরনের বুদ্ধিমান প্রযুক্তি ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহে মানুষের স্থায়ী বসতি স্থাপনের জন্য অত্যন্ত জরুরি। এর ফলে প্রকৌশলীরা রুট প্ল্যানিংয়ের মতো রুটিন কাজের বদলে বৈজ্ঞানিক গবেষণায় বেশি সময় দেওয়ার সুযোগ পাবেন।
সূত্র: আর্থ ডটকম