কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহার ও এর সুফল বিশ্বজুড়ে সমবণ্টনের লক্ষ্যে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ সম্মেলনের গৃহীত নয়াদিল্লি ঘোষণায় স্বাক্ষরকারী ৮৯তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। ভারতের দিল্লিতে আয়োজিত সম্মেলনে বিশ্বজুড়ে এআইয়ের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের নতুন বার্তা দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নয়াদিল্লি ঘোষণা সমর্থন করা দেশ ও আন্তর্জাতিক সংস্থার তালিকায় বাংলাদেশের নাম থাকলেও বাংলাদেশের কে বা কোন কর্তৃপক্ষ স্বাক্ষর করেছে, তার কোনো তথ্য জানা যায়নি।
নয়াদিল্লি ঘোষণায় সই করার মাধ্যমে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও সিঙ্গাপুরের মতো বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর সঙ্গে এক কাতারে শামিল হয়েছে। এআই সম্মেলনের ঘোষণায় সবার কল্যাণের নীতির কথা বলা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল শুধু উন্নত দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে সমগ্র মানবজাতির কাছে সমানভাবে পৌঁছানো নিশ্চিত করাই এই ঘোষণার মূল লক্ষ্য।
১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত এআই সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, শিল্প খাতসংশ্লিষ্ট ব্যক্তিত্ব ও উদ্ভাবকেরা অংশ নেন। সম্মেলনে ৫০০ জনের বেশি এআই বিশেষজ্ঞ, প্রায় ১০০ জন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রতিষ্ঠাতাসহ প্রায় ৪০০ জন প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এই ঘোষণায় সই করার ফলে এখন থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে কৃষি, স্বাস্থ্য ও প্রশাসনিক ক্ষেত্রে বৈশ্বিক অভিজ্ঞতা ও সহযোগিতা পাওয়ার পথ প্রশস্ত হলো বলে সম্মেলন থেকে জানানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের জন্য এই ঘোষণা একটি মাইলফলক, যা কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি কমিয়ে এর সম্ভাবনা কাজে লাগাতে বড় ভূমিকা রাখবে।
সূত্র: আকাশবাণী, নিউজঅনএয়ার