ডিপফেক ভিডিও দিয়ে যুদ্ধের ভুয়া ভিডিও তৈরির বিষয়ে এক্সের সতর্কবার্তা
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মতো খুদে ব্লগ লেখার সাইট এক্সেও (সাবেক টুইটার) ছড়িয়ে পড়ছে এআই দিয়ে তৈরি ইরান-ইসরায়েল যুদ্ধের ডিপফেক ভিডিও। ডিপফেক ভিডিওগুলোতে বিভিন্ন দৃশ্য ও ঘটনা কৃত্রিমভাবে তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ সমস্যা সমাধানে এআইয়ের মাধ্যমে যুদ্ধের ভুয়া ভিডিও প্রকাশ করা কনটেন্ট (আধেয়) নির্মাতাদের আয় স্থগিত করা হবে বলে জানিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন এক্স।
এক্সের তথ্যমতে, ইসরায়েল-ইরান যুদ্ধকে কেন্দ্র করে এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিও পোস্ট করলেই নির্মাতাদের সঙ্গে এক্সের রাজস্ব ভাগাভাগি কর্মসূচি ৯০ দিনের জন্য স্থগিত করা হবে। শুধু তা–ই নয়, নির্দেশনা লঙ্ঘন করলে স্থায়ী নিষেধাজ্ঞাও জারি করা হবে।
নতুন এ উদ্যোগের বিষয়ে এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ার জানিয়েছেন, যুদ্ধ চলাকালে এক্স সঠিক তথ্য প্রকাশের চেষ্টা করছে। আর তাই ভিডিও নির্মাতাদের কেউ যদি সূত্র প্রকাশ না করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি যুদ্ধের ভিডিও পোস্ট করেন, তবে তাঁদের এক্সের ক্রিয়েটর রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম ৯০ দিনের জন্য স্থগিত করা হবে।
প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ভিডিও তৈরি করা যায়। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্ট চেনাতে সম্প্রতি ‘মেড উইথ এআই’ লেবেল প্রদর্শন শুরু করেছে এক্স। এর ফলে ব্যবহারকারীরা সহজেই জানতে পারেন, পোস্টে থাকা ছবি বা ভিডিও এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সূত্র: মিন্ট ডটকম