আরও বাস্তবসম্মত ও নির্ভুল ছবি তৈরিতে চ্যাটজিপিটি ইমেজেস ২.০ উন্মোচন

ছবির জন্য চ্যাটজিপিটি নতুন উদ্যোগ নিয়েছেছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির প্রযুক্তিতে নতুন সংস্করণ উন্মোচন করেছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ইমেজেস ২.০’ নামের এই হালনাগাদ মডেলটি আগের তুলনায় আরও বাস্তবসম্মত, নির্ভুল ও ব্যবহারোপযোগী ছবি তৈরি করতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই সংস্করণ ব্যবহার করে দৃষ্টিনন্দন ছবি করা যাবে এবং উপস্থাপনা, নকশা ও বিপণনের মতো বাস্তব কাজেও কার্যকরভাবে ব্যবহারযোগ্য ভিজ্যুয়াল তৈরি করা যাবে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন মডেলটি ব্যবহারকারীর নির্দেশনা আগের চেয়ে আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে। ফলে ব্যবহারকারীরা এখন আরও নির্দিষ্ট ও বিস্তারিতভাবে নিজেদের চাহিদা তুলে ধরতে পারবেন এবং সিস্টেম সেই অনুযায়ী ছবি তৈরি করবে। এর ফলে কাঙ্ক্ষিত ফলাফলের সঙ্গে তৈরি ছবির সামঞ্জস্য বাড়বে। পাশাপাশি ছবির ভেতরে বিভিন্ন উপাদানের অবস্থান, গঠন ও বিন্যাস আরও সুনির্দিষ্টভাবে উপস্থাপিত হবে। লেখা, আইকন বা নকশার সূক্ষ্ম অংশের মতো ছোট খুঁটিনাটি বিষয়গুলোও এটি অনেক নিখুঁতভাবে ফুটিয়ে তুলবে।

নতুন সংস্করণে তৈরি ছবির স্বাভাবিকতা বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে। বাস্তবসম্মত আলো-ছায়া, টেক্সচার এবং সূক্ষ্ম অপূর্ণতা যুক্ত করার মাধ্যমে ছবিকে আরও জীবন্ত করে তোলার চেষ্টা করা হয়েছে। ফলে ছবিগুলো আগের তুলনায় কম কৃত্রিম দেখাবে এবং বাস্তবের কাছাকাছি অনুভূতি দেবে। এ কারণে পেশাদার কাজে, বিশেষ করে বিপণন ও ডিজাইন খাতে এসব ছবি ব্যবহারের সম্ভাবনা বাড়বে।

ভাষা বোঝার সক্ষমতায়ও এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি। আগে ইংরেজি ভাষায় তুলনামূলক ভালো ফল পাওয়া যেত৷ এখন বাংলা, হিন্দি, জাপানি, কোরিয়ান ও চীনা ভাষাতেও কার্যকরভাবে কাজ করতে পারবে মডেলটি। বিভিন্ন ভাষায় লেখা–সংবলিত ছবি তৈরির ক্ষেত্রে এই উন্নতি বিশেষভাবে সহায়ক হবে। বিশেষ করে হিন্দি ভাষার লেখা আরও স্পষ্টভাবে উপস্থাপনের সক্ষমতা যুক্ত হওয়ায় দক্ষিণ এশিয়ার ব্যবহারকারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নতুন চ্যাটজিপিটি ইমেজ ২.০ মডেলটি বিভিন্ন শৈলীর ছবি তৈরিতে অনেক বেশি ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। এটি পিক্সেল আর্ট, সিনেমাটিক দৃশ্য এবং বিস্তারিত ইলাস্ট্রেশনের মতো ফরম্যাটগুলোকে সমর্থন করবে। এ ছাড়া ছবির টেক্সচার, লাইটিং এবং কম্পোজিশন ঠিক রেখে ছবিগুলোকে আরও নির্ভুল করে তুলবে। যাঁরা কোনো নির্দিষ্ট থিম বা ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ছবি তৈরি করতে চান, তাঁদের জন্য এই ফিচারটি বাড়তি এডিটিংয়ের ঝামেলা ছাড়াই কাজ সহজ করে দেবে।

চ্যাটজিপিটি ইমেজেস ২.০–এ ‘থিংকিং’ নামে একটি নতুন সুবিধা যুক্ত হয়েছে। এই সুবিধা চালু থাকলে সিস্টেম ব্যবহারকারীর নির্দেশনা বিশ্লেষণে অতিরিক্ত সময় নেবে এবং একই নির্দেশনা থেকে একাধিক ছবির বিকল্প তৈরি করবে। এতে ব্যবহারকারী সহজেই নিজের পছন্দ অনুযায়ী সেরা ছবিটি নির্বাচন করতে পারবেন এবং নতুন ধারণা অনুসন্ধানের সুযোগ পাবেন।

চ্যাটজিপিটি ইমেজেস ২.০ বর্তমানে চ্যাটজিপিটি ও কোডেক্স ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে ‘থিংকিং’ সুবিধাটি কেবল পেইড ব্যবহারকারীদের ব্যবহৃত প্লাস, প্রো ও বিজনেস গ্রাহকদের জন্য সীমিত রাখা হয়েছে।

সূত্র: টেক্লুসিভ