চ্যাটজিপিটির উত্তরে কেন গালাগাল বাড়ছে

চ্যাটজিপিটির কথাবার্তা আরও মানুষের মতো হচ্ছেছবি এআই দিয়ে করা

চ্যাটজিপিটির কথাবার্তা দিন দিন আরও মানুষের মতো হয়ে উঠছে। তবে সেই পরিবর্তন সব ব্যবহারকারীর কাছে স্বস্তিদায়ক নয়। সহজ কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়েও চ্যাটজিপিটি গালাগাল বা অশালীন শব্দ ব্যবহার করছে। এমন অভিযোগ করেছেন কয়েকজন ব্যবহারকারী। চলতি সপ্তাহে বিজনেস ইনসাইডারের একটি প্রতিবেদনের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে চ্যাটজিপিটির এমন একটি উত্তরের স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে, যেখানে খাবারের একটি রেসিপির উপকরণ নিয়ে প্রশ্নের জবাবে ‘এফ’ শব্দ ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীদের এমন অভিজ্ঞতার আরও কয়েকটি উদাহরণও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সম্প্রতি চ্যাটজিপিটিতে নতুন মডেল চালু করেছে ওপেনএআই। এর আগে চ্যাটজিপিটির উত্তর অনেক সময় অতিরিক্ত রোবটসুলভ শোনায় বলে অভিযোগ করতেন ব্যবহারকারীদের অনেকে। মানুষের সঙ্গে আরও স্বাভাবিকভাবে কথোপকথনের জন্য চ্যাটজিপিটির আচরণে পরিবর্তন আনার পর এবার এর ভাষা নিয়ে নতুন ধরনের প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীদের কেউ কেউ জানতে চাইছেন, চ্যাটজিপিটিকে আরও মানবিক করে তুলতে গিয়ে কি তার কথাবার্তায় অনাকাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে?

চ্যাটজিপিটির এমন আচরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে কয়েকজন ব্যবহারকারীর অভিজ্ঞতার স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে। এসব উত্তরের কয়েকটিতে গালাগাল ও ‘এফ’ শব্দ ব্যবহারের উদাহরণ দেখা গেছে। তবে চ্যাটজিপিটির ভাষায় পরিবর্তন শুধু গালাগাল ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়। সাধারণ কথোপকথনেও এখন তরুণদের মধ্যে প্রচলিত বিভিন্ন স্ল্যাং বা কথ্য শব্দ ব্যবহার করছে চ্যাটজিপিটি। প্রতিবেদনে এক ব্যবহারকারীর অভিজ্ঞতা তুলে ধরে বলা হয়েছে, একটি রেসিপির পরামর্শে চ্যাটজিপিটি ‘বিগ অ্যাস কোলাচেস’ শব্দবন্ধ ব্যবহার করেছে। চ্যাটজিপিটির এমন আচরণের পেছনে কী কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। কেউ কেউ ধারণা করছেন, চ্যাটজিপিটির বিনা মূল্যের সংস্করণে থাকা ডিফল্ট মোডের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। তবে ওপেনএআইয়ের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এ ধরনের ধারণার কোনো নিশ্চিত ভিত্তি নেই।

চ্যাটজিপিটির উত্তরে গালাগাল ও অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ নিয়ে এখন পর্যন্ত নির্মাতা ওপেনএআই কোনো মন্তব্য করেনি। ফলে চ্যাটজিপিটির কথাবার্তার ধরন ও স্বরে হঠাৎ কেন এমন পরিবর্তন এসেছে, সে বিষয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি। চ্যাটজিপিটির উত্তরে গালাগাল, স্ল্যাং কিংবা ‘এফ’ শব্দের ব্যবহার অনেক ব্যবহারকারী ভালোভাবে নেননি। তবে সবাই যে বিষয়টি নেতিবাচকভাবে দেখছেন, তা নয়। কেউ কেউ চ্যাটজিপিটির নতুন, আরও স্বাভাবিক ও আবেগপ্রবণ কথাবার্তার ধরন পছন্দ করছেন।

সূত্র: নিউজ১৮ ডটকম