স্যাটেলাইট ছবি তৈরির এআই টুল উন্মুক্তের পরপরই প্রত্যাহার করল গুগল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নির্দিষ্ট স্থানের স্যাটেলাইট ছবি তৈরি ও সম্পাদনার এআই টুল উন্মুক্তের কয়েক ঘণ্টার মধ্যেই সেটি প্রত্যাহার করে নিয়েছে গুগল। এআই টুলটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা যুদ্ধ, বোমা হামলা ও প্রাকৃতিক দুর্যোগের মতো সংবেদনশীল ঘটনার ভুয়া ছবি তৈরির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে শুরু করায় তড়িঘড়ি করে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এআই টুলটি দিয়ে তৈরি কৃত্রিম স্যাটেলাইট ছবিগুলোর কারণে সহজেই ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বলে মনে করছে গুগল।
গত বৃহস্পতিবার গুগল আর্থের ওয়েব সংস্করণে ‘ন্যানো বানানা ২’ নামের নতুন এআই টুলটি চালু করা হয়েছিল। টুলটির সাহায্যে লিখিত নির্দেশনা বা প্রম্পটের মাধ্যমে সহজেই স্যাটেলাইট ছবিতে নতুন বস্তু যোগ করার মাধ্যমে নির্দিষ্ট স্থানের চেহারা সম্পূর্ণ বদলে দেওয়া যেত। গুগলের মতে, নতুন এই সুবিধা ব্যবহার করে পৃথিবীকে নতুনভাবে কল্পনা বা ইতিহাসের বিভিন্ন সময়ের দৃশ্য পুনর্নির্মাণ করা সম্ভব হলেও চালুর পরপরই টুলটির অপব্যবহার শুরু হয়। ফলে বাধ্য হয়েই এআই টুলটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এআই গবেষক হেঙ্ক ভ্যান এস জানিয়েছেন, তিনি পরীক্ষামূলকভাবে টুলটি ব্যবহার করে ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও ফিলিস্তিনের গাজার একটি হাসপাতালের পাশে বোমার গর্তযুক্ত ভুয়া স্যাটেলাইট ছবি তৈরি করেছিলেন। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে শরণার্থীদের ঢলের কৃত্রিম ছবিও তৈরি করেছিলেন তিনি, যা সহজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে। এ বিষয়ে ভ্যান এস বলেন, ‘দুই দশক ধরে গুগল এমন একটি নির্ভরযোগ্য ভৌগোলিক তথ্যভান্ডার গড়ে তুলেছে, যেটিকে মানুষ সত্যতা যাচাইয়ের অন্যতম উৎস হিসেবে ব্যবহার করে। অথচ এখন সেখানে এমন একটি সুবিধা যুক্ত করা হয়েছে, যা বাস্তবে না থাকা দৃশ্যও তৈরি করতে পারে।’
শুধু ভ্যান এস নন, অল্প সময়ের মধ্যেই আরও অনেক ব্যবহারকারী বিভিন্ন ভুয়া স্যাটেলাইট ছবি তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবিও দেখা যায়, নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর চালানো সন্ত্রাসী হামলার আদলে একটি উড়োজাহাজ আঘাত হানতে যাচ্ছে। যদিও ছবিগুলোর কোনোটিই সত্য নয়।
গুগল আর্থ দীর্ঘদিন ধরেই গবেষক, নগর–পরিকল্পনাবিদ ও পরিবেশ বিশ্লেষকদের কাছে নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানের বর্তমান ও পুরোনো স্যাটেলাইট ছবি তুলনা করে সময়ের সঙ্গে হওয়া পরিবর্তন বিশ্লেষণ করা যায়। কোনো শহরের নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন বা পরিবেশগত পরিবর্তনের ধারাবাহিক চিত্রও সহজে দেখা সম্ভব। কিন্তু একই প্ল্যাটফর্মে বাস্তবের মতো ভুয়া স্যাটেলাইট ছবি তৈরির সুযোগ থাকলে তা ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার বড় হাতিয়ার হয়ে উঠতে পারে।
এক্সে দেওয়া এক বিবৃতিতে গুগল জানিয়েছে, বিশ্বের নির্ভরযোগ্য ভৌগোলিক তথ্য দেখার জন্য মানুষ গুগল আর্থের ওপর বিশেষ আস্থা রাখে। বিশেষজ্ঞদের অনেকেই নতুন সুবিধাটি ইতিবাচক কাজে ব্যবহার করলেও এআই দিয়ে তৈরি কিছু ছবির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা প্রতিষ্ঠানের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আর তাই আরও কার্যকর নিরাপত্তাব্যবস্থা যুক্ত না হওয়া পর্যন্ত এআই টুলটির কার্যক্রম স্থগিত থাকবে।
সূত্র: ইন্ডিয়া টুডে