২১৭ বছর পর নেপোলিয়নের রহস্যময় চিঠির তথ্য উন্মোচন করল এআই
ওপেনএআইয়ের তৈরি জিপিটি–৬ আস্ট্রা এআই মডেল ব্যবহার করে দুই শতকের বেশি সময় ধরে রহস্যে ঘেরা ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের একটি গোপন চিঠির অর্থ উদ্ধার করেছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেন্টিনেলওয়ানের প্রকৌশলী কার্টার চার্চ। ১৮০৯ সালের ১৬ মার্চ নেপোলিয়ন প্যারিস থেকে তাঁর সৎপুত্র ও ইতালির ভাইসরয় ইউজিনের কাছে এই চিঠি পাঠিয়ে জেনারেল অগাস্ট ডি মারমন্টকে দেওয়ার নির্দেশ দেন। সে সময় মারমন্ট আদ্রিয়াটিক সাগরের অপর তীরে ডালমাছিয়ায় বিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করছিলেন।
নেপোলিয়ন বোনাপার্টের চিঠির প্রথম লাইনটি ফরাসি ভাষায় লেখা হলেও পরের ২৪ লাইনে ছিল দুই অঙ্কের সংখ্যা, এলোমেলো অক্ষর ও বিভিন্ন প্রতীক। ফলে ২১৭ বছর ধরে এর প্রকৃত অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি। ওপেনএআইয়ের তৈরি জিপিটি–৬ আস্ট্রা এআই মডেলটি মূলত এই জটিল কোড ভেদ করে চিঠির রহস্য উন্মোচন করেছে।
কার্টার চার্চের তথ্যমতে, জিপিটি–৬ আস্ট্রা এআই মডেল মাত্র ছয় ঘণ্টায় মাল্টি–মডেল ওয়ার্কফ্লোর মাধ্যমে পুরো চিঠির তথ্য উদ্ধার করেছে। চিঠিতে ফ্রান্স ও মিত্রবাহিনীর সৈন্যসংখ্যার অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল। মারমন্টকে তাঁর বিচ্ছিন্ন অবস্থান নিয়ে আতঙ্কিত না হওয়ার নির্দেশ দেন নেপোলিয়ন। একই সঙ্গে অস্ট্রিয়ার বিরুদ্ধে চতুর্মুখী আক্রমণ পরিচালনার কৌশল ও ইউরোপীয় রণক্ষেত্রের বিভিন্ন গোপন তথ্য সেখানে উল্লেখ ছিল।
বিশেষজ্ঞদের মতে, সাইবার ক্রিপ্টোগ্রাফাররা দীর্ঘ সময় ও পরিশ্রম দিয়ে এই কোড ভাঙতে না পারলেও এআই প্রযুক্তির কল্যাণে তা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সম্ভব হয়েছে। এই ঐতিহাসিক সাফল্যের মাধ্যমে প্রমাণিত হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গবেষকেরা মানব ইতিহাসের বহু অমীমাংসিত ও প্রাচীন রহস্য খুব সহজেই উন্মোচন করতে পারবেন।
সূত্র: ডেইলি মেইল