জেমিনিতে নতুন সুবিধা

জেমিনিরয়টার্স

জেমিনি অ্যাপে বিনা মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সেবা সহজলভ্য করতে ‘নোটবুকস’ নামের সুবিধা সবার জন্য উন্মুক্ত করেছে গুগল। চলতি মাসের শুরুতে অর্থের বিনিময়ে জেমিনি অ্যাপ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। নতুন এ উদ্যোগের আওতায় এখন থেকে বিনা মূল্যের ব্যবহারকারীরাও নোটবুকস সুবিধা ব্যবহার করতে পারবেন।

বিনা মূল্যে নোটবুকস সুবিধা ব্যবহারের সুযোগ দিতে জেমিনি অ্যাপের পাশের প্যানেলে ‘জেমস’ ও ‘চ্যাটস’ অপশনের ওপরে নতুন ‘নোটবুকস’ বিভাগ যুক্ত করেছে গুগল। কাঠামো ও ব্যবহারের দিক থেকে এটি ‘নোটবুকএলএম’ এ ব্যবহৃত নোটবুকের মতোই। ফলে ব্যবহারকারীরা সহজেই ভিডিও ওভারভিউ, তথ্যচিত্র, সারাংশসহ বিভিন্ন ধরনের আধেয় বা কনটেন্ট তৈরি করতে পারবেন, যা জটিল তথ্যকে সহজভাবে বুঝতে সাহায্য করবে।

নোটবুকস সুবিধায় প্রজেক্ট ওয়ার্কস্পেসের আদলে একই জায়গায় চ্যাট, ফাইল ও তথ্যসূত্র সংরক্ষণ করা যায়। ফলে গবেষণা, বিশ্লেষণ ও নতুন ধারণা নিয়ে সহজে কাজ করার পাশাপাশি জেমিনির সঙ্গে কথোপকথনের তথ্যও নোটবুকে সংরক্ষণ করা সম্ভব। জেমিনির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, উত্তর দেওয়ার সময় এটি নোটবুকের ভেতর থাকা সব কথোপকথন বিবেচনায় রাখতে পারে। তবে কোনো ব্যবহারকারী যদি আলাদা বা নিরপেক্ষ উত্তর চান, তাহলে চাইলে তিনি এই ‘নোটবুক মেমোরি’ সুবিধা বন্ধ করে রাখতে পারবেন। পাশাপাশি, উত্তরের ধরন, ফরম্যাট ও ভাষা কেমন হবে, তা ঠিক করে দেওয়ার জন্য কাস্টম ইনস্ট্রাকশন বা নির্দেশনা সেট করার সুযোগও রয়েছে।

প্রতিটি নোটবুকের ভেতরে ব্যবহারকারীরা প্রম্পট বক্সের ওপরে তাঁদের তথ্যসূত্রগুলো দেখতে পাবেন এবং নিচে সংরক্ষিত চ্যাটের তালিকা দেখা যাবে, ফলে দ্রুত নির্দিষ্ট তথ্য খুঁজে পাওয়া যাবে। বিনা মূল্যের ব্যবহারকারীরা একটি নোটবুকে সর্বোচ্চ ৫০টি তথ্যসূত্র যুক্ত করতে পারবেন।

গুগল জানিয়েছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তারা এসব নোটবুককে একটি ‘পার্সোনাল নলেজ বেস’ বা ব্যক্তিগত তথ্যভান্ডার হিসেবে গড়ে তুলতে চায়, যা পুরো গুগল ইকোসিস্টেমেই নির্বিঘ্ন কাজ করবে। সুবিধাটি পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস