এআইয়ের কাছে তথ্য গোপন রাখতে নতুন ভুতুড়ে ফন্ট
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসারের যুগে তথ্যের গোপনীয়তা রক্ষা করা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চ্যাটবট থেকে শুরু করে বিভিন্ন এআই এজেন্ট এখন মানুষের লেখা ও ছবি অনায়াসে পড়ে ফেলতে পারে। আর তাই এআইয়ের চোখ এড়িয়ে কেবল মানুষের পাঠযোগ্য অদ্ভুত ফন্ট তৈরি করেছেন কম্পিউটার বিজ্ঞানী এরিক লু। তিনি দাবি করেছেন, ভুতুড়ে ফন্টটি এআইকে বিভ্রান্ত করে ফেলে। ফলে ফন্টটিতে লেখা তথ্য মানুষের পক্ষে পড়া সম্ভব হলেও এআই পড়তে পারবে না। ফলে গুরুত্বপূর্ণ তথ্য এআইয়ের কাছ থেকে গোপন রাখা যাবে।
এরিক লু জানিয়েছেন, ‘গোস্ট ফন্ট’ নামের ফন্টটি স্থির কোনো অক্ষরের পরিবর্তে গতির সমন্বয়ে বার্তা প্রদর্শন করে। এ জন্য গতি, ভিডিও, শব্দ ও বিভ্রান্তিকর উপাদানের মিশ্রণ ব্যবহার করে এটি অন্য মানুষের বোঝার উপযোগী বার্তা তৈরি করে থাকে। কারিগরি দৃষ্টিকোণ থেকে এটি প্রচলিত ফাইল ফরম্যাটের কোনো ফন্ট নয়। তবে এটি এমন একটি চিত্রভিত্তিক (গ্রাফিক্যাল) যোগাযোগ মাধ্যম, যা এআই সহজে বুঝতে পারে না। এটি সাধারণ বার্তার মতো অতটা স্পষ্ট নয়। তবু মানুষের চোখ খুব দ্রুত এই অক্ষরগুলো পড়ে ফেলতে পারে। কিন্তু শীর্ষস্থানীয় এআই মডেলগুলো বার্তা শনাক্ত করতে ব্যর্থ হয়।
নতুন ফন্টের পিক্সেল বা ডট কেবল তখনই স্পষ্ট হয়, যখন তা গতিশীল অবস্থায় থাকে। ভিডিও থামিয়ে দিলে বা স্ক্রিনশট নিলে সব কটি ডট মিশে যায়। ফলে কোনো স্থির ছবিতে লেখাটি দেখা অসম্ভব হয়ে পড়ে। অতিরিক্ত সুরক্ষার জন্য এতে বিভ্রান্তিকর বার্তা বা ডিকয় মেসেজ যুক্ত করা হয়েছে। কোনো শক্তিশালী এআই মডেল যদি ভেতরে বার্তা খুঁজতে যায়, তবে সে প্রথম ডিকয় বার্তাটিকেই আসল বার্তা ভেবে ভুল করবে। এরিক লু জানান, এর মাধ্যমে ফ্যাবল বা জিপিটি সোল ৫.৬ আলট্রার মতো ক্ষমতাশালী মডেল থেকেও মূল তথ্য লুকিয়ে রাখা যায়।
ক্যাপচা সিস্টেমে নতুন এই প্রযুক্তির ব্যবহারের বিপুল সম্ভাবনা রয়েছে। বর্তমানে অনেক এআই সহজে ক্যাপচা সমাধান করতে পারে। আর তাই নতুন ফন্টটি তথ্যের গোপনীয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ডেইলি মেইল