গুগল ক্লাসরুমে যুক্ত হচ্ছে জেমিনাই, যে সুবিধা পাওয়া যাবে

জেমিনাইছবি: রয়টার্স

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুগল ক্লাসরুমে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী জেমিনাই যুক্ত করছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে শিক্ষার্থীরা ক্লাসরুম থেকেই ফ্ল্যাশকার্ড, কুইজ, স্টাডি গাইডসহ বিভিন্ন ধরনের পড়াশোনার উপকরণ সহজে তৈরি করতে পারবেন। ১০ আগস্ট থেকে ধাপে ধাপে এ সুবিধা চালু করা হবে।

গত বছর শিক্ষকদের পাঠ–পরিকল্পনা তৈরিতে সহায়তার জন্য গুগল ক্লাসরুমে প্রথম জেমিনাই যুক্ত করা হয়। পরে ১৮ বছর বা তার বেশি বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্যও এটি চালু করা হয়। এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসকের অনুমোদন সাপেক্ষে স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও জেমিনাইয়ের বিভিন্ন এআই সুবিধা ব্যবহার করতে পারবেন। নতুন এ সুবিধা ব্যবহারের জন্য গুগল ক্লাসরুমে যুক্ত করা হবে নতুন জেমিনাই ট্যাব। ট্যাবটিতে ক্লিক করে সহজেই পাঠ্যবস্তুর ভিত্তিতে ফ্ল্যাশকার্ড, অনুশীলনী কুইজ, ইন্টারঅ্যাকটিভ স্টাডি গাইড, অডিও সারসংক্ষেপ এবং জেমিনাই নোটবুক ব্যবহার করে ইনফোগ্রাফিক ও চিত্রভিত্তিক সারসংক্ষেপ তৈরি করা যাবে। ফলে আলাদা করে ফাইল আপলোডের প্রয়োজন হবে না। একই সঙ্গে পাঠ্যবস্তুর ভিত্তিতে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীও দ্রুত তৈরি করা যাবে।

গুগলের তথ্যমতে, জেমিনাই ট্যাব ব্যবহার করে শিক্ষার্থীদের নির্দিষ্ট ক্লাস ও অ্যাসাইনমেন্ট নির্বাচন করতে হবে। এরপর জেমিনাই স্বয়ংক্রিয়ভাবে অ্যাসাইনমেন্টের শিরোনাম, শিক্ষকের নির্দেশনা, ক্লাসে দেওয়া পাঠ্যসামগ্রী এবং সংশ্লিষ্ট পাঠ্যক্রমের তথ্য ব্যবহার করে উত্তর তৈরি করে দেবে। ফলে প্রতিবার অ্যাসাইনমেন্টের তথ্য কপি করে দিতে হবে না। এতে শিক্ষার্থীরা দ্রুত এবং বিষয়ভিত্তিক সহায়তা পাবেন।

জেমিনাই ও গুগল ক্লাসরুম–সমর্থিত সব ভাষায় সুবিধাটি ব্যবহার করা যাবে। এর ফলে গুগল ওয়ার্কস্পেস ফর এডুকেশন ফান্ডামেন্টালস, এডুকেশন স্ট্যান্ডার্ড এবং এডুকেশন প্লাস সংস্করণ ব্যবহারকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এ সুবিধা ব্যবহার করতে পারবে।

সূত্র: টেকলুসিভ