মেটার এআই প্রকল্প প্রত্যাশা অনুযায়ী এগোয়নি, স্বীকার করলেন জাকারবার্গ

মার্ক জাকারবার্গফাইল ছবি: রয়টার্স

প্রায় আট হাজার কর্মী ছাঁটাই ও কর্মীদের দায়িত্ব পরিবর্তনের কয়েক মাস পর কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রকল্পের অগ্রগতি নিজেদের প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে স্বীকার করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তাঁর মতে, এআই এজেন্ট প্রযুক্তির উন্নয়নের কাজ ধারণার চেয়ে ধীরগতিতে এগিয়েছে। এর ফলে গত কয়েক মাসে এআই এজেন্ট প্রযুক্তির অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হয়নি।

সম্প্রতি মেটার অভ্যন্তরীণ এক সভায় জাকারবার্গ জানিয়েছেন, অন্তত গত চার মাসে এআই এজেন্টের উন্নয়ন যে গতিতে এগোবে বলে আশা করা হয়েছিল, বাস্তবে তা হয়নি। ফলে এআই এজেন্টভিত্তিক উদ্যোগগুলো এখনো প্রত্যাশিত ফল দিতে পারেনি। তবে পরিস্থিতি নিয়ে আশাবাদী জাকারবার্গ। তাঁর আশা, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় মেটার বিপুল বিনিয়োগের সুফল আরও স্পষ্টভাবে দৃশ্যমান হবে।

চলতি বছরের শুরুতে মেটা বড় ধরনের পুনর্গঠনের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে প্রায় আট হাজার কর্মী, অর্থাৎ প্রতিষ্ঠানের বৈশ্বিক কর্মীর প্রায় ১০ শতাংশকে ছাঁটাই করা হয়। একই সঙ্গে সাত হাজার কর্মীকে কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট বিভিন্ন দলে নিয়োগ করা হয়। এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২৬ সালে এ খাতে মেটার বিনিয়োগের পরিমাণ ১৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মী ছাঁটাই ও পুনর্গঠনের এ সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির ভেতরে অসন্তোষ তৈরি করেছে এবং কর্মীদের মনোবলেও প্রভাব ফেলেছে।

সভায় কর্মীদের কম্পিউটারে বিতর্কিত মাউস ট্র্যাকিং সফটওয়্যার ব্যবহারের বিষয়ে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওয়ার্থ জানিয়েছেন, অভ্যন্তরীণ পর্যালোচনায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় কর্মীদের ব্যক্তিগত তথ্য এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে। তবে পুনরায় সফটওয়্যারটি চালু করা হলে তা ব্যবহারকারী চাইলে বন্ধ রাখতে পারবেন।

পরিস্থিতি সামাল দিতে কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি এবং কাজের পরিবেশ আরও উন্নত করার উদ্যোগ নিয়েছে মেটা। কর্মীদের জন্য এআইনির্ভর বিভিন্ন প্রশিক্ষণ, অফিসে অতিরিক্ত খাবারের ব্যবস্থা, ভ্রমণ বাজেট বৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনেরও পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া