এআই প্রশিক্ষণের জন্য কনটেন্ট মার্কেটপ্লেস চালুর পরিকল্পনা অ্যামাজনের

অ্যামাজনরয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের জন্য বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট বৈধভাবে ব্যবহারের সুযোগ দিতে ‘কনটেন্ট মার্কেটপ্লেস’ চালুর পরিকল্পনা করছে অ্যামাজন। এই মার্কেটপ্লেস চালু হলে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো নিজেদের বিভিন্ন সংবাদ, লেখা ও অন্যান্য উপকরণ নির্ধারিত শর্তে এআই প্রতিষ্ঠানগুলোর কাছে সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন ইতিমধ্যে কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সেখানে এআই মডেল প্রশিক্ষণের জন্য কনটেন্ট মার্কেটপ্লেস বা হাব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, লাইসেন্সপ্রাপ্ত কনটেন্টের জন্য আলাদা মার্কেটপ্লেস তৈরি হলে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো অর্থের বিনিময়ে বৈধভাবে নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করতে পারবে। একই সঙ্গে প্রকাশকেরাও আর্থিকভাবে উপকৃত হবেন।

কনটেন্ট লাইসেন্সিং মার্কেটপ্লেস চালুর বিষয়ে অ্যামাজন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, প্রকাশকদের সঙ্গে অ্যামাজনের দীর্ঘদিনের উদ্ভাবনী সম্পর্ক রয়েছে এবং তারা সব সময় নতুন উদ্যোগ নিয়ে কাজ করছে। তবে এ মুহূর্তে নির্দিষ্ট করে কিছু জানানোর নেই।

প্রসঙ্গত, জেনারেটিভ এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের পর থেকেই প্রকাশক ও বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কনটেন্ট ব্যবহারের অধিকার নিয়ে তীব্র বিরোধ রয়েছে।

বর্তমানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম প্রশিক্ষণের জন্য ইন্টারনেটের নানা উৎস থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা হয়। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রেই প্রকাশকদের অনুমতি ছাড়াই তাদের ওয়েবসাইট থেকে এসব তথ্য নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কয়েকটি বড় প্রকাশনা প্রতিষ্ঠান প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস